- ১৩ অক্টোবর, ২০২৬ ১৪:৫০
সংবাদদাতা, হলদিয়া: নামী ঠাণ্ডা পানীয়র সংস্থাকে হলদিয়ায় ফ্রুট জুস প্রসেসিং কারখানা গড়ার জন্য ৯৮ একর জমি দিচ্ছে হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষ বা এইচডিএ। আজ, মঙ্গলবার সন্ধ্যায় এইচডিএর ১৫০তম বোর্ড মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলাশাসক তথা এইচডিএর চেয়ারম্যান নিরঞ্জন কুমার এই খবর জানিয়েছেন।
বিশ্বকর্মা পুজোর সময় হলদিয়া এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নামী ঠাণ্ডা পানীয়র সংস্থাকে রাজ্যে শিল্প গড়ার জন্য জমি দেওয়া হবে বলে জানিয়েছিলেন। এরজন্য কল্যানী এবং হলদিয়ায় ওই সংস্থাকে জমি দেখতে বলা হয়। ঠাণ্ডা পানীয়র সংস্থার হলদিয়া শিল্পাঞ্চলে জমি পছন্দ হয় বলে জানা গিয়েছে। জেলাশাসক বলেন, এইচডিএতে জমি দেওয়ার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এবার রাজ্য মন্ত্রিসভার কাছে অনুমোদনের জন্য বিষয়টি পাঠানো হচ্ছে। এছাড়াও হলদিয়া ও নন্দীগ্রাম-সহ বিভিন্ন এলাকার রাস্তা মেরামত এবং নতুন রাস্তা তৈরির প্রস্তাবও বৈঠকে অনুমোদিত হয়েছে। পুজোর পরেই এই সমস্ত কাজের প্রক্রিয়া শুরু করার পরিকল্পনা রয়েছে।
