উদীয়মান ক্রিকেটারদের এশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আবারও একই গ্রুপে ভারত ও পাকিস্তান। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর সম্ভাব্য লড়াইয়ের পাশাপাশি বাংলাদেশের জন্যও অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। আগামী ১৯ নভেম্বর কাতারে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপ রাইজিং স্টার্স। টুর্নামেন্টের গ্রুপিং ও সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।
এবারের আসরে আটটি দল অংশ নেবে। বাংলাদেশ 'এ' দলের সঙ্গে 'এ' গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, আফগানিস্তান 'এ' দল ও হংকংয়ের জাতীয় দল। অন্যদিকে 'বি' গ্রুপে জায়গা পেয়েছে ভারত, পাকিস্তান 'এ' দল, নেপাল ও সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দল। গ্রুপ পর্বেই দেখা হচ্ছে ভারত ও পাকিস্তানের। আগামী ২২ নভেম্বর মুখোমুখি হবে দুই দল।
কাতারের দুটি মাঠে অনুষ্ঠিত হবে এবারের প্রতিযোগিতা। ওয়েস্ট এন্ড ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম ও ইউনিভার্সিটি অব দোহা ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্রিকেট মাঠে গড়াবে ম্যাচগুলো। ৫০ ওভারের এই টুর্নামেন্টে মূলত অংশ নেবে বিভিন্ন দেশের উদীয়মান ক্রিকেটারদের দল। তবে হংকং, নেপাল ও সংযুক্ত আরব আমিরাত অংশ নিচ্ছে জাতীয় দল নিয়ে।
বাংলাদেশের অভিযান শুরু হবে ১৯ নভেম্বর। প্রথম ম্যাচেই প্রতিপক্ষ হংকংয়ের জাতীয় দল। একই দিনে অন্য ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও আফগানিস্তান 'এ' দল। পরদিন 'বি' গ্রুপে পাকিস্তান লড়বে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে, আর ভারত খেলবে নেপালের বিরুদ্ধে।
২১ নভেম্বর বাংলাদেশের সামনে অপেক্ষা করছে বড় পরীক্ষা। সেদিন আফগানিস্তান 'এ' দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ 'এ' দল। একই দিনে শ্রীলঙ্কার মুখোমুখি হবে হংকং। পরদিনই টুর্নামেন্টের অন্যতম আকর্ষণ ভারত-পাকিস্তান লড়াই। একই দিনে খেলবে সংযুক্ত আরব আমিরাত ও নেপাল।
২৩ নভেম্বর বাংলাদেশের গ্রুপের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ, আর আফগানিস্তান 'এ' দল মুখোমুখি হবে হংকংয়ের। পরদিন 'বি' গ্রুপের শেষ দিকের ম্যাচে ভারত খেলবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এবং পাকিস্তানের প্রতিপক্ষ নেপাল।
গ্রুপ পর্বের লড়াই শেষে ২৬ ও ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল। আর ২৯ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের আসরের।
বাংলাদেশের জন্য গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। হংকংয়ের বিপক্ষে জয় দিয়ে শুরু করার পাশাপাশি আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে ভালো ফল করতে হবে সেমিফাইনালের পথ সহজ করতে। বিশেষ করে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের মতো প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে হবে তরুণদের!
