সংবাদ · সাধারণ
বদরগঞ্জে দোলনচাঁপা এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ
২৪/১০/২০২৬

রংপুরের বদরগঞ্জ রেলওয়ে স্টেশনের কাছে রংপুর থেকে পার্বতীপুরগামী আন্তঃনগর ‘দোলনচাঁপা এক্সপ্রেস’ ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে রংপুর-দিনাজপুর রুটে সব ধরনের ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে।শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৫টা ১৬ মিনিটে বদরগঞ্জ স্টেশনের নিকটবর্তী স্থানে এই দুর্ঘটনা ঘটে।বদরগঞ্জ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার ইমরুল কায়েস জানান, রংপুর থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি বদরগঞ্জ স্টেশনের কাছে পৌঁছালে এর দুটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। হঠাৎ ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় যাত্রী ভোগান্তির সৃষ্টি হয়।দুর্ঘটনার পর চালককে না পেয়ে ট্রেনের বিক্ষুব্ধ কিছু যাত্রী গার্ডের ওপর চড়াও হন এবং তাকে মারধর করেন। খবর পেয়ে বদরগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গার্ডকে উদ্ধার করে।স্টেশন মাস্টার আরও জানান, লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে কার্যালয়ে বিষয়টি জানানো হলে সেখান থেকে একটি রিলিফ (উদ্ধারকারী) ট্রেন দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। উদ্ধারকারী ট্রেন এসে লাইনচ্যুত বগি অপসারণ করলে যত দ্রুত সম্ভব রেল যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ জানান, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ও আইনশৃঙ্খলা রক্ষায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মূল প্রতিবেদনে যান ↗