যশোর শহরে ময়লা-আবর্জনা ফেলা ও পরিচ্ছন্নতা বজায় রাখা নিয়ে বিরোধের জেরে লাঠির আঘাতে গুরুতর আহত হয়েছেন চলচ্চিত্র ও নাট্য অভিনেতা সমু চৌধুরী (৬০)।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের বেজপাড়া নলডাঙ্গা এলাকায় তার বাড়ির সামনে একটি মোটরসাইকেল গ্যারেজের কাছে এ ঘটনা ঘটে।
আহত সমু চৌধুরী ওই এলাকার আবুল কাশেম চৌধুরীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সমু চৌধুরীর বাড়ির সামনে অবস্থিত একটি মোটরসাইকেল গ্যারেজের কর্মচারীদের সঙ্গে ময়লা-আবর্জনা ফেলা নিয়ে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জাহাঙ্গীর (৩৬) ও হৃদয় (৩২) নামে দুই ব্যক্তি তাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে তার মাথা ফেটে রক্তাক্ত জখম হয়।
অভিযুক্ত জাহাঙ্গীর শহরের আরএন রোড এলাকার এবং হৃদয় সিটি কলেজপাড়া এলাকার বাসিন্দা। তাদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনার পর পরিবারের সদস্যরা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত বলে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়াত জানিয়েছেন।
যশোর কোতোয়ালি থানার ওসি কবির হোসেন বলেন, ঘটনাটি শুনেছি। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।