ওয়েবসাইট তৈরিতে বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ার পর সুরক্ষা জোরদার করতে টানা ৩৬ ঘণ্টা বন্ধ রাখা হয়েছে ডিজিটাল ভূমিসেবার সার্ভার। গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবাগত রাত ১২টা থেকে শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১২টা পর্যন্ত এ রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলবে। এ সময়ে ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাল ভূমিসেবার ওয়েবসাইট ব্যবহার করে কোনো সেবা নেওয়া যাবে না।
ভূমি মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারের সাইবার নিরাপত্তাসংশ্লিষ্ট সংস্থা বিজিডি ই-গভ সার্টের ২২ অক্টোবরের জরুরি সাইবার সতর্কবার্তার পরিপ্রেক্ষিতে সিস্টেমের নিরাপত্তা উন্নয়নে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
ডিজিটাল ভূমিসেবার আওতায় রয়েছে নামজারি, ভূমি উন্নয়ন কর পরিশোধ, ভূমি রেকর্ড ও মৌজা ম্যাপ সংগ্রহ, ভূমি অধিগ্রহণ ও হুকুমদখল, ইজারা ও বন্দোবস্ত, ভূমি রাজস্ব মামলা এবং ভূমি তথ্য ব্যাংক। এ ছাড়া জমির উত্তরাধিকার নির্ধারণের ক্যালকুলেটর, ভূমি-সংক্রান্ত আইন ও বিধি, বিভিন্ন ফরম এবং সেবা গ্রহণের নির্দেশিকাও রয়েছে।
বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার রাত ১১টা ৪৫ মিনিটের পর ভূমিসেবার জন্য কোনো ধরনের অর্থ পরিশোধ না করতে সবাইকে অনুরোধ করা হয়েছে। সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে রক্ষণাবেক্ষণের কাজ সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছে মন্ত্রণালয়।
সম্প্রতি ওয়েবসাইট তৈরির বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে দুটি গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হয়েছে। এতে বিশ্বজুড়ে বিভিন্ন সরকারি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের ওয়েবসাইটের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নিজেদের সিস্টেমের নিরাপত্তা যাচাই ও হালনাগাদ করার উদ্যোগ নিয়েছে।
বিজিডি ই-গভ সার্টের পরামর্শ অনুযায়ী, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে তাদের সার্ভারে কোথায় কোথায় পিএইচপি ব্যবহার করা হচ্ছে, তা শনাক্ত করতে হবে। পাশাপাশি ব্যবহৃত সংস্করণগুলো ঝুঁকিপূর্ণ কি না, তা যাচাই করে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিতে হবে।
এর আগে একই নিরাপত্তা ত্রুটির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ রাখার খবর সামনে আসে। এবার ডিজিটাল ভূমিসেবার সার্ভার বন্ধ রেখে নিরাপত্তা হালনাগাদের উদ্যোগ নেওয়া হলো। ফলে সরকারি গুরুত্বপূর্ণ ডিজিটাল সেবাগুলোর নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি নতুন করে গুরুত্ব পেয়েছে।
সানা/আপ্র/২৪/১০/২০২৬
