
মির্জাগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়। পটুয়াখালীর মির্জাগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।
রবিবার (১২ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ কমপ্লেক্সের সম্প্রসারিত ভবনের কনফারেন্স রুমে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. রাসেল।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল বলেন, কন্যাশিশুদের নিরাপত্তা, অধিকার প্রতিষ্ঠা ও বাল্যবিয়ে রোধে আমাদের সকলকে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। কন্যাশিশুরা আজকের সমাজে কোনো বোঝা নয়, সঠিক শিক্ষা ও পরিচর্যা পেলে তারাই আগামী দিনে বিশ্বজয় করবে এবং দেশের অগ্রগতিতে ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বক্তারা বাল্যবিয়ে রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি, কন্যাশিশুদের শিক্ষা নিশ্চিতকরণ এবং তাদের সুরক্ষা নিয়ে বিশদ আলোচনা করেন। সভায় স্থানীয় প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
