মাস ছয়েক আগে তার শরীরে ক্যানসার ধরা পড়ে। এরপর থেকেই চলছিল চিকিৎসা। কিন্তু ফেরানো গেল না। ৩৯ বছর বয়সেই চলে গেলেন মৃত্যুর দেশে।
আজ শুক্রবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই শিল্পী।
তুলনার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার মা আমেনা বেগম। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। মৃত্যুর পর শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে রাজধানীর রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ছয় মাস আগে তুলনার শরীরে স্তন ক্যানসার শনাক্ত হয়। এরপর ঢাকার বিভিন্ন হাসপাতালে তার চিকিৎসা চলছিল। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত ২০ অক্টোবর তার অস্ত্রোপচার করা হয়। তবে ততদিনে ক্যানসার তার শরীরে মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছিল।
অস্ত্রোপচারের পর প্রথম দুই দিন তুলনার শারীরিক অবস্থা তুলনামূলক ভালো ছিল। পরিবারের সদস্যদের সঙ্গে কথাও বলেছেন তিনি। কিন্তু শুক্রবার সকাল থেকে হঠাৎ তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে। চিকিৎসাধীন অবস্থায় রাতে হৃদ্রোগে আক্রান্ত হন তিনি। শেষ পর্যন্ত চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে রাত ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়।
তুলনা আল হারুন দেশের সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ছিলেন। মডেলিংয়ের পাশাপাশি অভিনয় ও উপস্থাপনায়ও কাজ করেছেন তিনি। একটা সময় শোবিজ অঙ্গনে বেশ সক্রিয় ছিলেন এই শিল্পী।
উল্লেখ্য, দেশের নন্দিত নাট্যকার ও নির্মাতা আব্দুল্লাহ আল মামুনের ভাই আব্দুল্লাহ আল হারুনের মেয়ে তুলনা। মডেলিংয়ের পাশাপাশি অভিনয় ও উপস্থাপনায় তিনি একটা সময় সরব ছিলেন। তার মৃত্যুতে শোবিজের অনেক সহকর্মী শোকপ্রকাশ করেছেন।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
