নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ- এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের ভৈরবে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টায় জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সংগঠনের সম্মানে ভূষিত নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকালে ভৈরব বাসস্ট্যান্ডে অবস্থিত নিসচা কার্যালয়ের সামনে থেকে র্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে নিসচা ভৈরব শাখার সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাটি পরিচালনা করেন নিসচা ভৈরব শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মো. আলাল উদ্দিন।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভৈরব সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু মুছা শেখ।
এ সময় আরও বক্তব্য রাখেন নিসচা ভৈরব শাখার সহ-সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের আহ্বায়ক মো. দেলোয়ার হোসেন সুজন, সহসাধারণ সম্পাদক প্রভাষক ইমরান হোসাইন ও সাবিনা ইয়াসমিন, দপ্তর সম্পাদক রাকিব হোসাইন, প্রচার সম্পাদক আশরাফুল আলম, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. হাবিবুর রহমান, যুববিষয়ক সম্পাদক হাজী জামান, কার্যকরী সদস্য শফিকুল ইসলাম, জামাল মিয়া, এনামুল হক ও হাজী কুদ্দুস, লোকমান মিয়া এবং সদস্য জুয়েল মিয়া, খালেদা বেগম, আখি নূর আক্তার, মোশাদ মিয়া ও ইমরান হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে চেম্বার পরিচালক, পরিবহন মালিক, শ্রমিক নেতৃবৃন্দ ও বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা সড়ক দুর্ঘটনা রোধে চালক, যাত্রী ও পথচারীদের সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা সড়কে শৃঙ্খলা বজায় রাখা, ট্রাফিক আইন মেনে চলা, দক্ষ চালক তৈরি এবং জনসচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।
