ঘোড়াঘাট প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে শারদীয় দুর্গাপূজার মহা নবমী উপলক্ষে সিংড়া ইউনিয়নের ১৫টি পূজামণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও আর্থিক সহায়তা দিয়েছেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী খন্দকার মো. রুহুল আমিন মিঠু।
গত মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা বিএনপির নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে তিনি পূজামণ্ডপগুলো পরিদর্শন করেন। এ সময় মণ্ডপগুলোর সার্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে নিজের ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহায়তা তুলে দেন মিঠু। তিনি ঘোড়াঘাট উপজেলার ৩ নম্বর সিংড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী এবং উপজেলা জাসাসের সাবেক আহ্বায়ক।
পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শাহ মো. শামীম হোসেন চৌধুরী, সিনিয়র সহসভাপতি মো. মাহবুবুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান লাবলু, জেলা বিএনপির সদস্য সাইফুল ইসলাম চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া, সাবেক সভাপতি মো. সারোয়ার হোসেন এবং সিংড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুস আলী।
এ ছাড়া ঘোড়াঘাট দুর্গাপূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
সানা/আপ্র/২৩/১০/২০২৬
