অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ এ দেশে নেই, আইন অনুযায়ী অপরাধীর বিচার হবেই হবে বলে মন্তব্য করেছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৬ (এসআরবি-৬) খুলনার অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ।
আজ রোববার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় কালী মন্দির পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা সার্বিক পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনের লক্ষ্যে সকালে তিনি ঝিনাইদহে পৌঁছান। এসময় তিনি বিভিন্ন পূজা মন্দির ও মণ্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে খুলনা বিভাগের পূজামণ্ডপগুলোর নিরাপত্তার বিবরণ তুলে ধরে লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ বলেন, ‘খুলনা বিভাগের প্রতিটি পূজা মণ্ডপে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গোয়েন্দা নজরদারির পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে।’
তিনি আরও জানান, নিরাপত্তা বলয় জোরদার করার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার পূজামণ্ডপগুলোতে বাড়তি সতর্কতা ও নজরদারি নিশ্চিত করা হয়েছে, যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে।
এসময় তার সঙ্গে এসআরবি-৬, ঝিনাইদহের কোম্পানি কমান্ডার ইমামীম মুবিন সরকার সুমনসহ এসআরবি’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পূজা উদযাপন পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
