জয়পুরহাট-আক্কেলপুর সড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিকাশ চন্দ্র কর্মকার (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সড়কের কড়াই ফ্যাক্টরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিকাশ চন্দ্র কর্মকার বগুড়ার গাবতলী উপজেলার তেলিহাটা কর্মকার গ্রামের বাবলু চন্দ্র কর্মকারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকাশ বগুড়া থেকে জয়পুরহাট শহরের পূর্ব বাজারে তাঁর দুলাভাইয়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন। সাক্ষাৎ শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে কড়াই ফ্যাক্টরি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে তাঁর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বিকাশের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয় জনতা সড়কে গাছের গুঁড়ি ফেলে জয়পুরহাট-আক্কেলপুর সড়ক অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, নিহত যুবকের লাশ উদ্ধার করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
বিআলো/শিলি