ভোক্তা পর্যায়ে খাদ্যের গুণগত মান ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে নীলফামারীতে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নীলফামারী জেলা কার্যালয়ের উদ্যোগে ‘নিরাপদ খাদ্য নিশ্চিতে বাজার ব্যবস্থাপনা’ শীর্ষক এই প্রশিক্ষণ আয়োজন করা হয়।
প্রশিক্ষণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শিহাব উদ্দিন, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শামসুল আলম, নীলফামারী কৃষি বিপণন অধিদপ্তরের জেলা বাজার কর্মকর্তা এ. টি. এম এরশাদ আলম খান এবং কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) নীলফামারী জেলা সভাপতি সাংবাদিক আল-আমিন।
অনুষ্ঠানে নীলফামারীর বিভিন্ন বাজারের ব্যবসায়ী, খাদ্য প্রস্তুতকারক ও স্থানীয় বিক্রেতাদের নিরাপদ খাদ্য আইন মেনে চলা, পচনশীল ও প্রক্রিয়াজাত খাদ্য স্বাস্থ্যসম্মত উপায়ে সংরক্ষণ এবং আধুনিক বাজার ব্যবস্থাপনার নানা কৌশল নিয়ে বাস্তবমুখী দিকনির্দেশনা দেওয়া হয়।
কর্মকর্তারা বলেন, সাধারণ মানুষের কাছে স্বাস্থ্যসম্মত ও নিরাপদ খাদ্য পৌঁছে দিতে হলে বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা জরুরি। খাদ্যে ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার প্রতিরোধ, ভেজাল রোধ ও সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের প্রশিক্ষণ নিয়মিত অব্যাহত রাখার তাগিদ দেন বক্তারা
জেএইচআর
