দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, দীর্ঘ ১৭ বছর উন্নয়নবঞ্চিত লালমনিরহাটের কাংখিত উন্নয়নে তিনি নিরন্তর কাজ করে যেতে চান।
তিনি বলেন, বর্তমান সরকার কোনো অঞ্চল বিশেষের প্রতি বৈষম্য না করে অগ্রাধিকারের ভিত্তিতে দেশের উন্নয়নে কাজ করছে। লালমনিরহাটেও এ উন্নয়নের ছোঁয়া লেগেছে।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে বড়বাড়ী জিসি-কুলাঘাট ইউপি বারোহাত কালী মন্দির ভায়া আওলিয়ার পার্ট সড়কের উন্নয়নকাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি কথাগুলো বলেন।
ধরলা নদীর ভাঙনরোধে গৃহীত উদ্যোগ সম্পর্কে মন্ত্রী বলেন, নদীতীরবর্তী মানুষের দুর্ভোগ কমাতে নদীর তীর সংরক্ষণে বাঁধ নির্মাণের জন্য ইতোমধ্যে একটি প্রকল্প পাস হয়েছে। শিগ্গিরই এর বাস্তবায়ন কাজ শুরু হবে। তিনি এলাকার উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন এবং স যেকোনো প্রয়োজন ও সমস্যার কথা তাঁকে জানানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো: আখতারুজ্জামান, কুলাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইদ্রিস আলীসহ জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন
এর আগে মন্ত্রী লালমনিরহাটের বড়বাড়ীতে স্বোচ্চার সংসদের নতুন ভবনের উদ্বোধন করেন।
