চট্টগ্রামের চন্দনাইশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্যাপন নিশ্চিত করতে উপজেলা পরিষদের মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলা পরিষদের নতুন ভবনের অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহমান।
সভায় আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্ন, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। এ সময় ইউএনও বলেন, পূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এ বিষয়ে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. দিদারুল ইসলাম সিকদারকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, কিশোর গ্যাং, ইভটিজিং, চুরি, ডাকাতি ও মাদক নির্মূলে চলমান অভিযান আরও জোরদার করা হবে। জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব দপ্তরকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি সমন্বিতভাবে কাজ করতে হবে।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, চন্দনাইশ থানার ওসি এস.এম. দিদারুল ইসলাম সিকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসী আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আজাদ হোসেন এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাহবুব আলম শাওন ভূঁইয়াসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
সভা শেষে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন সভাপতি।
The post চন্দনাইশে দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা জোরদারের নির্দেশ ইউএনওর appeared first on ভোরের চেতনা.
