ঝালকাঠি কারাগারে মাদক মামলায় বন্দি কাজল রেখা (৩৫) নামে এক নারী হাজতি অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। সোমবার রাতে ঝালকাঠি জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়েন তিনি।
অসুস্থ কাজল রেখাকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হলে সেখানে মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
ঝালকাঠি জেলা কারাগারের সুপার মোহাম্মদ বিকাশ রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন।
মৃত কাজল রেখা নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়নের ইসলামাবাদ এলাকার আরিফ হোসেনের স্ত্রী।
গত ১৮ সেপ্টেম্বর ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০৫ গ্রাম গাঁজাসহ কাজল রেখা নামে ওই নারী মাদক কারবারিকে গ্রেফতার করে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রানাপাশা ইউনিয়নের ইসলামাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সেই থেকে কাজল রেখা ঝালকাঠি কারাগারে বন্দি ছিলেন।
জানা গেছে, কাজল রেখা বেশ কয়েকদিন ধরে বুকে ব্যথা অনুভব করছিলেন। কারা কর্তৃপক্ষকে জানালেও তারা হাজতির অভিনয় ধারণা করে গুরুত্ব দেয়নি। সোমবার দুপুরের পর থেকে অসুস্থতার ধরন আরো বাড়তে থাকে। একপর্যায়ে সোমবার দিবাগত রাত ১২টার দিকে গুরুতর অসুস্থ হয়ে পড়লে খবর পেয়ে ঝালকাঠি জেলা কারাগারের চিকিৎসক ডা: জাবির হাসান তার কাছে যান। এ সময় তিনি কাজল রেখার শ্বাসকষ্ট ও শরীর শীতল হয়ে আসার লক্ষণ দেখতে পান। পরে তাকে ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশালের শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।
কারাগার সূত্রে আরো জানা গেছে, গত ১৮ সেপ্টেম্বর ইসলামাবাদ এলাকায় অভিযান চালিয়ে কাজল রেখাকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ২০টি ইয়াবা বড়ি ও ১০৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় দায়ের করা মাদক মামলায় গ্রেফতারের পর থেকে তিনি ঝালকাঠি জেলা কারাগারে বন্দি ছিলেন। ময়নাতদন্ত শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান জেল সুপার মো: বিকাশ রায়হান।
