চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক মো. ফয়েজ উল্ল্যাহর নেতৃত্বে অভিযানে সহকারী পরিচালক রানা দেবনাথ ও মো. আনিছুর রহমান উপস্থিত ছিলেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, অভিযানে বনফুলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য সংরক্ষণ ও বিক্রির দায়ে প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়। নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি এবং মূল্যতালিকা প্রদর্শন না করায় এআর ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযোগে মেসার্স মনোয়ারা করপোরেশন ও অনন্যা ট্রেড সেন্টারকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া নিষিদ্ধ রাসায়নিক দিয়ে গোলাপজল তৈরি, খাদ্যে ব্যবহারের জন্য ক্ষতিকর রং বিক্রি এবং অননুমোদিত ঘি বিক্রির অভিযোগে সুলতান পাইকারি বাজারকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। খাদ্যদ্রব্যে ক্ষতিকর রং মেশানো এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করার দায়ে শাহী চট্রলা ওরস বিরিয়ানিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
হা-মীম/এমএসএ
