আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পরই বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহের মুখে পড়েছেন বাংলাদেশের অফ স্পিনার আলিস আল ইসলাম। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ম্যাচে তাঁর বোলিং অ্যাকশনের বৈধতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ম্যাচ কর্মকর্তারা। বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
আইসিসির নিয়ম অনুযায়ী, আলিসকে স্বীকৃত পরীক্ষাকেন্দ্রে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে। পরীক্ষায় কনুইয়ের প্রসারণ অনুমোদিত ১৫ ডিগ্রির বেশি প্রমাণিত হলে অ্যাকশন সংশোধন ও পুনরায় পরীক্ষায় উত্তীর্ণ না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে পারবেন না তিনি।
এর আগেও ২০১৯ ও ২০২৫ সালের বিপিএলে আলিসের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছিল। পরে পরীক্ষায় ছাড়পত্র পেয়ে বোলিংয়ে ফেরেন তিনি।
আফগানিস্তানের বিপক্ষে অভিষেক ম্যাচে ৮.৩ ওভার বল করে ৪৭ রান দেন আলিস, পাননি কোনো উইকেট। এখন তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং চালিয়ে যাওয়ার বিষয়টি নির্ভর করছে আইসিসির পরীক্ষার ফলের ওপর।
