দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ২ হাজার ২৪৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে, যা চলতি বছরে এক দিনে সর্বোচ্চ ভর্তির রেকর্ড। এর আগে ১১ অক্টোবর এক দিনে ২ হাজার ১৯৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল, যা ছিল চলতি বছরের দ্বিতীয় সর্বোচ্চ।
আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এই হিসাব গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত সময়ে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ২২৭ জন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ২০১ জন হাসপাতালে ভর্তি হয়েছে। ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরে ভর্তি হয়েছে ৬০৫ জন।
বিভাগভিত্তিক হিসাবে, খুলনায় সবচেয়ে বেশি ২৯৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ ছাড়া রাজশাহীতে ২২৪ জন, চট্টগ্রামে ২১৭, বরিশালে ২১১, ময়মনসিংহে ১৫৫, রংপুরে ৮২ ও সিলেটে ৩০ জন ভর্তি হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮৪ জনে।
মাসভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ডেঙ্গুতে দুজন করে মারা যায়। মে মাসে মারা যায় একজন। এরপর জুনে ১৩ জন, জুলাইয়ে ৩৬, আগস্টে ৪৩ ও সেপ্টেম্বরে ১৪৮ জনের মৃত্যু হয়। অক্টোবরে এখন পর্যন্ত মারা গেছে ১৩৯ জন।
১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ২৩ হাজার ৯৪৮ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ১৭ হাজার ৪০০ জন।
The post চলতি বছরে এক দিনে সর্বোচ্চ ভর্তির রেকর্ড first appeared on .
