কালবেলা · সাধারণ
পূজায় স্ত্রীকে নিয়ে ঘোরার ইচ্ছা পূরণ হলো না যুবকের
২২/১০/২০২৬

যশোরের কেশবপুরে মোটরসাইকেল চালিয়ে কর্মস্থলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় চন্দন পালিত (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) রাতে খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত চন্দন পালিত উপজেলার সুফলাকাটি ইউনিয়নের নারায়ণপুর গ্রামের পরিমল পালিতের ছেলে।
সড়ক দুর্ঘটনায় ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আবুল কালাম পাটোয়ারী।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, কেশবপুরে স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসে কর্মরত চন্দন পালিত গত সোমবার সকালে বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে তার কর্মস্থলের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে কেশবপুর-কলাগাছি সড়কের নুড়িতলা নামক স্থানে অসাবধানতাবশত মোটরসাইকেল ও বাইসাইকেলের সংঘর্ষে তিনি সড়কের উপর পড়ে যান। এতে তিনি মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে মারাত্মক আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করলে পরিবারের সদস্যরা খুলনায় নিয়ে যান। সেখানে দুদিন চিকিৎসাধীন থাকার পর বুধবার রাতে চন্দনের মৃত্যু হয়।
জানা গেছে, চন্দন পালিত এক বছর আগে বিয়ে করেছিলেন। স্ত্রীকে নিয়ে এবার দুর্গাপূজায় ঘুরতে যাওয়ার কথা ছিল বিভিন্ন মণ্ডপে। কিন্তু পূজার ভেতর সড়ক দুর্ঘটনার পর থেকেই তাদের পরিবারে ছিল না কোনো আনন্দ।
মূল প্রতিবেদনে যান ↗