প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের সহকারী পরিচয়ে বিভিন্ন ব্যক্তি ও কর্মকর্তার সঙ্গে প্রতারণার অভিযোগে নাটোরে আবু হুরায়রা (৩০) নামে সাবেক এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিজ্ঞাপন
শুক্রবার রাতে সিংড়া উপজেলার বাসুয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন নাটোরের এসপি মোহাম্মদ শরীফুল হক।
গ্রেপ্তারকৃত আবু হুরায়রা ওরফে খালেদ ওরফে রাশে নাটোরের সিংড়া উপজেলার বালুয়া-বাসুয়া এলাকার জিয়াদুল ইসলামের ছেলে। তিনি ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত সিংড়া পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক জানান, আবু হুরায়রা নিজেকে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের অফিস স্টাফ পরিচয় দিয়ে রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিবর্গ, সরকারি চাকরিজীবী ও অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ স্থাপন করতেন। তাঁদের সরকারি সুযোগ-সুবিধা দেওয়া এবং বিএনপির রাজনৈতিক পদায়ন ও মনোনয়নের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়ে হোয়াটসঅ্যাপ, বিকাশ, নগদ ও রকেটসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিং মাধ্যমে বিপুল অর্থ দাবি ও আদায় করতেন।
পুলিশ সুপার আরও জানান, বিভিন্ন মাধ্যমে বিষয়টি জানতে পেরে পুলিশ সিংড়ায় তাঁর বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। এর আগে হুরায়রা বাংলাদেশ বেতার রংপুরে টেকনিশিয়ান পদে কর্মরত থাকাকালেও প্রতারণার অভিযোগে চাকরিচ্যুত হয়েছিলেন। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় তাঁর সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। এ বিষয়ে থানায় একটি নতুন মামলা করা হয়েছে।
এমএইচ
