ঢাকের কাঠি, কাঁসর-ঘণ্টার ধ্বনি আর পুরোহিতের বেদমন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ‘মহাঅষ্টমী’ পূজা সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৯ অক্টোবর) সকালে মণ্ডপে মণ্ডপে দেবীর মহাঅষ্টমী বিহিত পূজা শুরু হয়। সকালে উপবাস থেকে ভক্তরা মণ্ডপে সমবেত হন এবং পরে দেবীর শ্রীচরণে অঞ্জলি নিবেদন করেন। পূজার পাশাপাশি ছিলো ঢাকের বাদ্য, চণ্ডীপাঠ আর উলুধ্বনির আনন্দমুখর পরিবেশ।
সন্ধিপূজার মধ্য দিয়ে মহাঅষ্টমীর মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পূজায় দেবী দুর্গাকে ফলমূল, মিষ্টান্ন ও বিভিন্ন দ্রব্য সামগ্রী সহযোগে বিশেষ ভোগ নিবেদন করা হয়। অঞ্জলি শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। নারী-পুরুষ নির্বিশেষে সর্বস্তরের ভক্তকূল চণ্ডীপাঠ ও প্রার্থনার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ এবং উত্তরোত্তর মঙ্গল কামনা করেন।
আয়োজকরা জানান, নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকায় শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সকাল থেকেই পূজামণ্ডপগুলোতে ভক্তদের ঢল নেমেছিলো। আগামীকাল নবমী পূজার পর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই উৎসব।
