ঝিনাইদহে বিসিআইসি সারের ডিলারশিপ নিয়ে সীমাহীন দুর্নীতি, স্বজনপ্রীতি ও আওয়ামীকরণের প্রতিবাদে সংবাদ সম্মেলনের পর মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা জামায়াতে ইসলামী।
রোববার (১৮ অক্টোবর) সকালে পূর্বঘোষিত আলটিমেটাম অনুযায়ী ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে জেলার ৬টি উপজেলা থেকে আগত নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য ও জেলা আমির আলী আজম মো. আবু বকর বলেন, ‘কৃত্রিম সার সংকট তৈরি করে সাধারণ কৃষকদের জিম্মি করতে ঝিনাইদহে সারের ডিলারশিপ নিয়ে নজিরবিহীন দুর্নীতি ও ব্যাপক আওয়ামীকরণ হয়েছে। এমনিতেই ফ্যাসিস্ট আমলের ডিলারদের কারণে কৃষকরা আজও দিশাহারা। দেশ ও জনগণের এই সংকটে একমাত্র জামায়াতে ইসলামীই সমস্ত অন্যায়-অপরাধের বিরুদ্ধে আপসহীন প্রতিবাদ চালিয়ে যাচ্ছে।’
এ সময় তিনি অবিলম্বে বিদ্যমান বিতর্কিত সার-বীজ মনিটরিং কমিটি ও দলীয় বিবেচনায় দেওয়া সকল ডিলারশিপ বাতিল করে স্বচ্ছ প্রক্রিয়ায় নতুন নিয়োগের জোর দাবি জানান।
মানববন্ধন থেকে জেলা প্রশাসক মো. নোমান হোসেন প্রিন্সের ভূমিকা নিয়ে চরম ক্ষোভ ও কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল হাই। তিনি জেলা প্রশাসককে উদ্দেশ্য করে বলেন, ‘ঝিনাইদহের ডিসি সাহেব, আপনি জেলা প্রশাসকের কার্যালয়কে দুর্নীতির খুঁটি বানিয়ে বসে আছেন। আপনি যদি সঠিকভাবে নিজের অর্পিত দায়িত্ব পালন করতে না পারেন, তবে স্পষ্ট করে বলুন আপনি পুরুষ নন, আপনি মহিলা। আর তাও যদি না হন, তবে আপনি হিজড়া। আমরা আপনার জন্য দুই জোড়া চুড়ি কিনে পাঠিয়ে দিচ্ছি, আপনি হাতে চুড়ি পরে বসে থাকুন!’
ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয় ও জেলা পরিষদের অভ্যন্তরীণ সিন্ডিকেট নিয়ে মন্তব্য করে জামায়াত নেতা আব্দুল হাই আরও বলেন, ‘ঝিনাইদহ জেলা পরিষদ আর জেলা প্রশাসকের দপ্তর এখন আপন খালাতো-মামাতো ভাই মিলে চালাচ্ছেন। আপনারা যদি অবিলম্বে নিজেদের সংশোধন না করেন এবং সোজা পথে না হাঁটেন, তবে ভবিষ্যতে আপনাদের দুর্নীতির আখড়া গুঁড়িয়ে দিতে আরও কঠোর ও বৃহৎ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।’
মানববন্ধনে জেলা জামায়াতের নায়েবে আমির ও সম্ভাব্য ঝিনাইদহ পৌরসভার মেয়র প্রার্থী আব্দুল আলিম, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মো. মতিয়ার রহমান, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালেব, জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আউয়াল এবং সদর উপজেলা আমির ড. হাবিবুর রহমানসহ জেলা ও উপজেলার শীর্ষ সারির নেতাকর্মীরা উপস্থিত থেকে বক্তব্য দেন।
