অনলাইন ডেস্ক
দীর্ঘ প্রতীক্ষার পর বিশ্বকাপের মঞ্চে ফিরে যেন রূপকথার এক অধ্যায়ের জন্ম দিল স্কটল্যান্ড। ২৮ বছর পর বিশ্বকাপে অংশ নিয়েই প্রথম ম্যাচে জয় তুলে নেওয়ার পাশাপাশি ঘুচিয়ে দিল ৩৬ বছরের জয়ের খরা। বাংলাদেশ সময় রোববার ভোরে অনুষ্ঠিত ম্যাচে হাইতিকে ১-০ গোলে হারিয়ে দারুণ সূচনা করেছে স্কটিশরা।
এর আগে বিশ্বকাপে স্কটল্যান্ড সর্বশেষ জয় পেয়েছিল ১৯৯০ সালে সুইডেনের বিপক্ষে। এরপর ১৯৯৮ সালের আসরে অংশ নিলেও আর জয়ের দেখা মেলেনি। অবশেষে উত্তর আমেরিকার মাটিতে ফিরে সেই দীর্ঘ আক্ষেপের অবসান ঘটাল স্টিভ ক্লার্কের দল।
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ফক্সবরো স্টেডিয়ামে ‘সি’ গ্রুপের ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে স্কটল্যান্ড। একের পর এক আক্রমণে হাইতির রক্ষণভাগকে ব্যতিব্যস্ত করে তুললেও কাঙ্ক্ষিত গোল আসছিল না। শেষ পর্যন্ত ম্যাচের ২৮তম মিনিটে স্কটিশ অধিনায়ক জন ম্যাকগিন দলের ত্রাতা হয়ে ওঠেন।
ডান প্রান্ত থেকে ভেসে আসা একটি ক্রসে হাইতির ডি-বক্সে সৃষ্টি হয় জটলা। সেই সুযোগ কাজে লাগিয়ে জোরালো শটে বল জালে পাঠান ম্যাকগিন। তাঁর গোলেই উল্লাসে ফেটে পড়ে গ্যালারিতে থাকা স্কটল্যান্ডের সমর্থকেরা।
গোল হজমের পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে হাইতি। বিশেষ করে দ্বিতীয়ার্ধে কয়েকটি দ্রুত পাল্টা আক্রমণে স্কটিশ রক্ষণে চাপ তৈরি করে দলটি। তবে গোলরক্ষক ও ডিফেন্ডারদের দৃঢ়তায় প্রতিপক্ষের সব প্রচেষ্টা ব্যর্থ হয়। শেষ পর্যন্ত এক গোলের লিড ধরে রেখে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করে মাঠ ছাড়ে স্কটল্যান্ড।
এই জয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে উঠে এসেছে স্কটিশরা। গ্রুপের অপর ম্যাচে ব্রাজিল ও মরক্কো ১-১ গোলে ড্র করায় তিন পয়েন্ট নিয়ে টেবিলের একক নেতৃত্ব এখন স্কটল্যান্ডের দখলে। বিশ্বকাপে প্রত্যাবর্তনের গল্পটা তাই আপাতত স্বপ্নের মতোই এগোচ্ছে তাদের জন্য।
