সরিষাবাড়ীতে ২৭৮.৩০ মিটার গার্ডার সেতু নির্মাণ কাজের উদ্বোধন
গুলজার হোসেন, সরিষাবাড়ী (জামালপুর)
- আপডেট সময় : ০৩:৫৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
দৈনিক গনমুক্তি অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ‘পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ (দ্বিতীয় পর্যায়)’ প্রকল্পের আওতায় যমুনার শাখা নদীর ওপর নির্মিত ২৭৮ দশমিক ৩০ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার ব্রিজের উদ্বোধন করা হয়েছে।
গতকাল সোমবার (১৯ অক্টোবর) সরিষাবাড়ী উপজেলার আরামনগর জিসি-ঘোড়ামারা বাজার সড়কের ১৫২০ মিটার চেইনেজে যমুনার শাখা নদীর ওপর এ সেতুর নির্মাণকাজের শুভ উদ্বোধন উপলক্ষে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সংসদ সদস্য মো. ফরিদুল কবীর তালুকদার (শামীম)।
অনুষ্ঠানে সাতপোয়া ইউনিয়নের সাবেক মেম্বার মোঃ স্বপন মাহমুদের সঞ্চালনায় ও জামালপুর জেলা এলজিআরডি কর্মকর্তা প্রকৌশলী মোঃ রমজান আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা আফসানা, উপজেলা এলজিআরডি কর্মকর্তা প্রকৌশলী মোঃ গোলাম কিবরিয়া তমাল, সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আঃ আউয়াল স্যার, সরিষাবাড়ী উপজেলার ২নং পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মামুন ফকির, ১নং সাতপোয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ খোরশেদ আলম খুশু, সরিষাবাড়ী পৌর- বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ গোলাম রব্বানী (লিকু) সাধারণ সম্পাদক মোঃ জহুরুল ইসলাম (পিন্টু) সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সেতুটি নির্মিত হলে সংশ্লিষ্ট এলাকার মানুষের যাতায়াতব্যবস্থা সহজ হওয়ার পাশাপাশি স্থানীয় যোগাযোগ, কৃষিপণ্য পরিবহন ও ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।
সেতুটির নির্মাণকাজ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), জামালপুরের বাস্তবায়নে সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
