কালবেলা · সাধারণ
ছাত্রদল অভিযোগ প্রমাণ করতে পারলে পদ ছাড়ার ঘোষণা চাকসু ভিপির
১৫/১০/২০২৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সহসভাপতি (ভিপি) নির্বাচিত হওয়ার পর ১০ ভরি স্বর্ণ দিয়ে বিয়ে করেছেন, ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল নোমানের এমন বক্তব্যের প্রমাণ দিতে তিন দিনের সময় বেঁধে দিয়েছেন চাকসু ভিপি ইব্রাহীম হোসেন রনি। অভিযোগের পক্ষে প্রমাণ দিতে পারলে ভিপি পদ থেকে পদত্যাগ করবেন বলেও ঘোষণা দিয়েছেন তিনি। আর প্রমাণ দিতে ব্যর্থ হলে নোমানকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। অন্যথায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন রনি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) চাকসু প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব কথা বলেন তিনি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমানের বিরুদ্ধে হলের মসজিদ সংস্কারকাজে টেন্ডারবাজি, অবৈধভাবে আসন দখলের জন্য হলের প্রভোস্টকে হুমকি, চাকসু ভিপিকে নিয়ে মিথ্যাচার ও ষড়যন্ত্রের অভিযোগও তোলেন রনি। সংবাদ সম্মেলনে ছাত্রদলের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ফটোকার্ড দেখান চাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সাঈদ বিন হাবিব।
লিখিত বক্তব্যে ইব্রাহীম হোসেন রনি বলেন, চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান ক্যাম্পাসে নানা ধরনের অপকর্মে জড়িত। গত ৫ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি অডিও ক্লিপে শাহ আমানত হলের মসজিদ সংস্কারকাজ আটকে থাকার পেছনে নোমানের টেন্ডারবাজির প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করেন তিনি।
রনি বলেন, দরপত্র আহ্বানের পরও তিন মাস ধরে মসজিদটির সংস্কারকাজ আটকে থাকায় শিক্ষার্থীদের দীর্ঘদিন অস্বাস্থ্যকর পরিবেশে নামাজ আদায় করতে হয়েছে।
সোহরাওয়ার্দী হলের আসন দখল নিয়েও নোমানের বিরুদ্ধে অভিযোগ তোলেন চাকসু ভিপি। তিনি বলেন, গত ৩১ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত আরেকটি অডিও ক্লিপে নোমানকে তার অনুসারী এক কর্মীর জন্য অবৈধভাবে আসন দখলের উদ্দেশ্যে হলটির তৎকালীন প্রভোস্ট ও দর্শন বিভাগের অধ্যাপক আব্দুল মান্নানের সঙ্গে অশোভন আচরণ ও হুমকি দিতে শোনা যায় বলে তার দাবি। এমন আচরণের প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে ওই প্রভোস্ট পদত্যাগ করেন বলেও উল্লেখ করেন রনি।
নিজের বিয়ে নিয়ে নোমানের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে রনি বলেন, সম্প্রতি ছাত্রদলের একটি মিছিলে বক্তব্য দেওয়ার সময় নোমান দাবি করেন, চাকসুর ভিপি নির্বাচিত হওয়ার পর আমি ১০ ভরি স্বর্ণ দিয়ে বিয়ের আয়োজন করেছি। ব্যক্তিগত জীবন নিয়ে কোনো তথ্য-প্রমাণ ছাড়াই এমন বক্তব্য দেওয়া ভিত্তিহীন ও মানহানিকর।
রনি বলেন, ‘আমি চ্যালেঞ্জ করছি, তার এ বক্তব্যের ন্যূনতম কোনো সত্যতা নেই। তার বক্তব্যের স্বপক্ষে আগামী তিন দিনের মধ্যে উপযুক্ত তথ্য-প্রমাণ পেশ করতে পারলে আমি স্বেচ্ছায় চাকসুর ভিপি পদ থেকে ইস্তফা দেব। আর যদি তিনি তার বক্তব্যের স্বপক্ষে প্রমাণ হাজির করতে ব্যর্থ হন, তাহলে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। অন্যথায় চাকসুর নির্বাচিত ভিপির মানহানির অপরাধে প্রচলিত আইন অনুযায়ী বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।’
ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে আরও অভিযোগ তুলে চাকসু ভিপি বলেন, অতীতে সরকারদলীয় ছাত্র সংগঠনের বিরুদ্ধে ক্যাম্পাসে আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, টেন্ডারবাজি, শিক্ষক হেনস্তা ও শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ ছিল।
তার দাবি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরাও একই ধরনের কর্মকাণ্ডে জড়িত। তাদের বিরুদ্ধে টেন্ডারবাজি, চাঁদাবাজি, শিক্ষক হেনস্তা, নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের মানহানি, ক্যানটিনে বিনামূল্যে খাওয়া, হলের বই চুরি করে বিক্রি, নারী হেনস্তা, র্যাগিং, সাংবাদিকদের হুমকি, হলে মাদক সেবন ও দোকানিকে মারধরের মতো অভিযোগ রয়েছে।
মূল প্রতিবেদনে যান ↗