ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই খোলামেলা বলিউড পরিচালক করণ জোহর। সারোগেসির মাধ্যমে দুই সন্তানের বাবা হয়েছেন তিনি। স্ত্রী ছাড়া সন্তানদের নিয়েই তার জীবন। তবে জীবনের সুখ-দুঃখ ভাগ করে নেওয়ার জন্য একজন সঙ্গী চান করণ। বিয়ে হয়তো তার জীবনে আপাতত অধরা, তবে মনের মতো একজন মানুষ পাওয়ার আশা ছাড়েননি তিনি।
সম্প্রতি করণ জোহরের জনপ্রিয় শো ‘কফি উইথ করণ’-এর নবম সিজনে অতিথি হয়ে এসেছিলেন দক্ষিণী তারকা দম্পতি বিজয় দেবেরকোন্ডা ও রাশমিকা মান্দানা। তাদের সঙ্গে কথোপকথনের একপর্যায়ে নিজের ব্যক্তিগত জীবনের ইচ্ছার কথা জানান করণ।
অনুষ্ঠানে বিজয়কে নিজের মনের ইচ্ছার কথা প্রকাশ করতে বলেন করণ। উত্তরে রাশমিকার হাত ধরে বিজয় জানান, তিনি চান রাশমিকা যেন তার সঙ্গে নিরাপদ বোধ করেন। এরপর করণকে প্রশ্ন করা হয়, এই সোফায় বসে তিনি কী চান বা কী পাওয়ার স্বপ্ন দেখেন।
আরও পড়ুন
জবাবে করণ জানান, তিনি জীবনে একজন সঙ্গী চান, যার সঙ্গে নিজের সব কথা ভাগ করে নিতে পারবেন। জীবনের ছোট-বড় মুহূর্ত ও সাফল্য একসঙ্গে উদ্যাপন করতে পারবেন। তার কথায়, 'বিয়ে হয়তো বাস্তবে সম্ভব নয়, তবে সুন্দর একটি সম্পর্কের আশা রাখি।'
করণ আরও জানান, তিনি এমন একজনকে চান, যিনি তার দুই সন্তান রুহি ও যশেরও অভিভাবক হয়ে উঠবেন। শুধু তার নিজের জীবনের অংশ নন, সন্তানদের জীবনেও সমানভাবে যুক্ত থাকবেন সেই মানুষ।
ব্যক্তিগত জীবনের পাশাপাশি কাজ নিয়েও ব্যস্ত রয়েছেন করণ জোহর। ‘কফি উইথ করণ’-এর নবম সিজন নিয়ে ফিরেছেন তিনি। প্রযোজক হিসেবেও তার হাতে রয়েছে একাধিক ছবি।
ডিএ
