খুলনা গেজেট অক্টোবর ১৭, ২০২৬ ৮:২৩ অপরাহ্ণ
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে খুলনার শিববাড়ি কালী পূজামন্দির, রায়ের মহল সার্বজনীন হরি পূজা মন্দির, রায়ের মহল সার্বজনীন পূজা মন্দির পরিদর্শন করেছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জের উপমহাপরিচালক মোঃ আশরাফুল আলম।
পরিদর্শনকালে তিনি মণ্ডপের সার্বিক নিরাপত্তা-ব্যবস্থা পর্যবেক্ষণ এবং দায়িত্বরত আনসার ও ভিডিপি সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে সদস্যদের সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব, শৃঙ্খলা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
উপমহাপরিচালক বলেন, শারদীয় দুর্গোৎসব সবার জন্য আনন্দ, সম্প্রীতি ও সৌহার্দ্যের উৎসব। পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আনসার ও ভিডিপি সদস্যদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সবাইকে সতর্ক থাকতে হবে এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করতে হবে। ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সহমর্মিতা বজায় রেখে দুর্গোৎসব সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, খুলনা জেলা কমান্ড্যান্ট মোঃ মিনহাজ আরেফিন, বাগেরহাট জেলা কমান্ড্যান্ট শরিফুল ইসলাম ও খুলনা রেঞ্জের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল আজম চৌধুরী।
খুলনা গেজেট/উউরা
