ফিচার ডেস্ক, ঢাকা
প্রতিদিনের নাশতায় পরোটা, রুটি কিংবা ডিমের নানা পদ খেতে খেতে একঘেয়েমি চলে আসতেই পারে। তখন পরিচিত উপকরণ দিয়ে একটু ভিন্ন দেশের স্বাদ ঘরে আনা যায়। জাপানের জনপ্রিয় ওকোনোমিয়াকি হতে পারে তেমনই একটি পদ। দেখতে অনেকটা মোটা প্যানকেকের মতো হলেও স্বাদে এটি পুরোপুরি আলাদা। বাঁধাকপি, ডিম, ময়দা ও মাংসের সঙ্গে তৈরি এই পদে যোগ হয় বিশেষ সস ও মেয়োনিজ। বাংলাদেশে সহজে পাওয়া যায় এমন উপকরণ দিয়েই এর ঘরোয়া সংস্করণ তৈরি করা সম্ভব।
উপকরণ
বাঁধাকপি ৪ কাপ, ময়দা ১ কাপ, ডিম ৪টি, পানি বা চিকেন স্টক প্রায় ১ কাপ, বেকিং পাউডার আধা চা-চামচ, লবণ স্বাদমতো, চিনি সামান্য, কাঁচা মরিচ কুচি ২টি, পেঁয়াজকুচি আধা কাপ, আদাকুচি ১ চা-চামচ এবং তেল পরিমাণমতো। এর সঙ্গে দেওয়া যেতে পারে পাতলা করে কাটা গরু বা মুরগির মাংস ২০০ থেকে ২৫০ গ্রাম। ওপরে দেওয়ার জন্য মেয়োনিজ, টমেটো সস বা সামান্য ঝাল সস, কাঁচা পেঁয়াজকুচি ও ধনেপাতা রাখা যেতে পারে।
প্রণালি
প্রথমে একটি বড় বাটিতে ময়দা, বেকিং পাউডার, লবণ ও সামান্য চিনি মিশিয়ে নিন। এরপর অল্প অল্প করে পানি বা চিকেন স্টক দিয়ে ঘন ব্যাটার তৈরি করুন। ব্যাটার যেন খুব পাতলা না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। এবার এতে ডিম, কুচি করা বাঁধাকপি, পেঁয়াজ, কাঁচা মরিচ ও আদা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। সব উপকরণ যেন ব্যাটারের সঙ্গে ভালোভাবে মিশে যায়। সামান্য গোলমরিচের গুঁড়া বা মরিচের গুঁড়াও দিতে পারেন এতে।

চুলায় একটি সমতল তাওয়া বসিয়ে হালকা আঁচে গরম করুন। সামান্য তেল দিয়ে বাঁধাকপির মিশ্রণটি ঢেলে গোল এবং কিছুটা মোটা প্যানকেকের আকার দিন। ওপর থেকে পাতলা করে কাটা মাংস ছড়িয়ে দেন। এবার ঢাকনা দিয়ে কয়েক মিনিট রান্না করুন। নিচের অংশ শক্ত ও হালকা বাদামি হয়ে এলে সাবধানে উল্টে দিন। অন্য পাশও ঢেকে কয়েক মিনিট রান্না করুন। ভেতরের বাঁধাকপি ও মাংস ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না দেখে নিন। দুই পাশ সুন্দরভাবে সেঁকা হলে চুলা থেকে নামিয়ে নিন।
পরিবেশন
গরম ওকোনোমিয়াকির ওপর টমেটো সস ও মেয়োনিজ দিয়ে নকশা করে দিন। ওপর থেকে কাঁচা পেঁয়াজকুচি ও ধনেপাতা ছড়িয়ে পরিবেশন করুন।
সূত্র: জাস্ট ওয়ান কুক বুক

