বাংলাদেশ লাইভস্টক সোসাইটির (বিএলএস) ৬ষ্ঠ লাইভস্টক অ্যাওয়ার্ড, সেমিনার ও লাইভস্টক-পোল্ট্রি মেলার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী বছরের অর্থাৎ ২০২৭ সালের ১৪ থেকে ১৬ জানুয়ারি তিন দিনব্যাপী লাইভস্টক-পোল্ট্রি মেলা অনুষ্ঠিত হবে। আর ১৬ জানুয়ারি সকাল ১০টায় অনুষ্ঠিত হবে ৬ষ্ঠ লাইভস্টক অ্যাওয়ার্ড ও সেমিনার।
শুক্রবার (২৩ অক্টোবর) সকালে অনুষ্ঠিত বিএলএসের জরুরি কার্যনির্বাহী সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় অ্যাওয়ার্ডের জন্য আবেদন ও লেখা পাঠানোর সময়সীমা ৩০ নভেম্বর পর্যন্ত এবং আগ্রহী সদস্যদের আবেদনের সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
সভাটি অনুষ্ঠিত হয় সিমান্ত অবকাশে। এতে সভাপতিত্ব করেন বিএলএসের সভাপতি রোটারিয়ান অধ্যাপক ড. মো. জালাল উদ্দিন সরদার। সভায় সংগঠনের কার্যনির্বাহী ও আজীবন সদস্যরা অংশ নেন।
সভায় ৬ষ্ঠ লাইভস্টক অ্যাওয়ার্ড, সেমিনার ও লাইভস্টক-পোল্ট্রি মেলা আয়োজনের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি অনুষ্ঠানের বাজেট নিয়ে আলোচনা ও অনুমোদন দেওয়া হয়।
সভায় আলোচ্যসূচির ওপর মতামত তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক রোটারিয়ান ড. মো. হেমায়েতুল ইসলাম আরিফ। বাজেট নিয়ে আলোচনা করেন কোষাধ্যক্ষ মো. এনামুল হক। মেলা আয়োজনের প্রস্তুতি ও পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন ভেন্যু ও মেলা আয়োজন কমিটির আহ্বায়ক মো. মাহমুদুল আলম মাসুদ।
এ ছাড়া ঢাকা থেকে আসা খাজা কালেদ লিজার এবং নাচোল থেকে আসা মো. হাফিজুর রহমান সময়সূচি ও আয়োজন নিয়ে মতামত দেন। নাটোর থেকে আসা মো. হাফিজুর রহমান ও মোয়াজ্জেম হোসেন সভার সিদ্ধান্তের প্রতি সমর্থন জানান। অনুষ্ঠান পরিচালনা নিয়ে মতামত দেন সংগঠনের সহসম্পাদক সেলিনা বেগম।
সভায় আরও উপস্থিত ছিলেন মো. জাহিদ, ইউনুস আলী, কাদেমুল ইসলাম, কাজল, মমিনুল ইসলাম ও খলিলুর রহমানসহ অনেকে।
সভাপতি অধ্যাপক ড. মো. জালাল উদ্দিন সরদার সভায় সদস্যদের সক্রিয় অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে আগামী বছরের মেলা ও অ্যাওয়ার্ড অনুষ্ঠান সফল করতে সবার সহযোগিতা কামনা করেন।
