প্রযুক্তিনির্ভর অপরাধ তদন্তে দেশের আটটি বিভাগীয় সদরে দ্রুত ডিজিটাল ফরেনসিক পরীক্ষাগার স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। একই সঙ্গে সাইবার অপরাধ শনাক্তকরণ, ডিজিটাল আলামত বিশ্লেষণ এবং অপরাধ দমনে কেন্দ্র থেকে জেলা ও উপজেলা পর্যায় পর্যন্ত পুলিশের তদন্ত সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় চট্টগ্রাম মহানগর পুলিশ লাইনসের দামপাড়ায় সাইবার পুলিশ কেন্দ্র ও ডিজিটাল ফরেনসিক পরীক্ষাগারের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। কোরিয়া প্রজাতন্ত্রের সরকারের সহযোগিতায় নির্মিত এ ভবন ও পরীক্ষাগার পুলিশের প্রযুক্তিনির্ভর অপরাধ তদন্তে নতুন সক্ষমতা যোগ করবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন আহমেদ বলেন, কোরিয়া প্রজাতন্ত্রের সরকার এবং আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা কোইকার আর্থিক ও কারিগরি সহায়তায় সাইবার পুলিশ কেন্দ্র ও ডিজিটাল ফরেনসিক পরীক্ষাগার প্রতিষ্ঠার কাজ সম্পন্ন হয়েছে। এ সহযোগিতার জন্য তিনি কোরীয় সরকার, দেশটির রাষ্ট্রদূত, কোইকার প্রতিনিধি ও সফররত প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শুরু থেকেই একটি বিশেষায়িত পুলিশ সাইবার ইউনিট প্রতিষ্ঠার পরিকল্পনা ছিল। গত ১ অক্টোবর থেকে একজন অতিরিক্ত আইজিপির নেতৃত্বে আনুষ্ঠানিকভাবে এ ইউনিটের কার্যক্রম শুরু হয়েছে।
তিনি জানান, নতুন ডিজিটাল ফরেনসিক পরীক্ষাগারটি অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) নেতৃত্বে পরিচালিত হবে। তবে ডিজিটাল আলামত বিশ্লেষণ ও পরীক্ষার ক্ষেত্রে পুলিশের বিভিন্ন বিভাগের মধ্যে কার্যকর সমন্বয় বজায় রাখা হবে।
বর্তমান বিশ্বে অপরাধের ধরন দ্রুত পরিবর্তিত হচ্ছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডিজিটাল মাধ্যম ব্যবহার করে নানা ধরনের অপরাধ ও প্রতারণা সংঘটিত হচ্ছে। এমনকি শেয়ারবাজারে কারসাজির মতো অপরাধেও প্রযুক্তির অপব্যবহার করা হচ্ছে। এসব অপরাধ প্রতিরোধ ও দমনে ডিজিটাল ফরেনসিক পরীক্ষাগারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
তিনি আরও বলেন, বিচারপ্রক্রিয়ায় মানুষের দ্রুত বিচারপ্রাপ্তি নিশ্চিত করতে বৈজ্ঞানিক বিশ্লেষণ ও নির্ভরযোগ্য সাক্ষ্যপ্রমাণ প্রয়োজন। অপরাধের ধরন পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে পুলিশকে আধুনিক পরীক্ষাগার, প্রযুক্তিগত সরঞ্জাম ও প্রয়োজনীয় উপকরণ দিয়ে সক্ষম করে তোলা হচ্ছে।
সিআইডির বিদ্যমান পরীক্ষাগার কার্যক্রম সম্প্রসারণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, সিআইডি প্রতিষ্ঠার শুরু থেকেই রাসায়নিক পরীক্ষাগার পরিচালনা করে আসছে। বর্তমান প্রেক্ষাপটে সেখানে বিভিন্ন নমুনা পরীক্ষা এবং পরীক্ষার প্রতিবেদন তৈরির কার্যক্রম আরও সম্প্রসারণ করা জরুরি হয়ে পড়েছে।
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে সম্ভাব্য নাশকতা, বিরোধী দলের আন্দোলন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলা নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সব বিষয়ে সরকারের দায়িত্ব রয়েছে, তবে কোনো চ্যালেঞ্জ নেই।
পুলিশের ওপর হামলা ও আসামি গ্রেপ্তারে বাধা দেওয়ার বিষয়ে তিনি বলেন, অপরাধ দমন করতে গিয়ে পুলিশ মাঝেমধ্যে হামলার শিকার হয়, যা নতুন কিছু নয়। অপরাধীদের দমনে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে। তিনি আরও বলেন, পুলিশ কাউকে গ্রেপ্তার করতে গেলে কেউ যদি আসামিকে সহায়তা করে, সে ক্ষেত্রেও যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
The post অপরাধ তদন্তে দ্রুতই আট বিভাগে স্থাপন হবে ডিজিটাল ফরেনসিক ল্যাব: স্বরাষ্ট্রমন্ত্রী appeared first on ভোরের চেতনা.
