Published on
:
2 min read
ফোনে অচেনা নম্বর থেকে বারবার কল আসলে বা স্প্যাম কল এলে অনেকেই বিরক্ত হয়ে যান। কখনও গুরুত্বপূর্ণ ফোন ধরতেও দেরি হয়, আবার কখনও স্প্যাম বা প্রতারণামূলক কলের কারণে বিপাকেও পড়তে হয় অনেককে। ট্রু-কলার বা ওই জাতীয় অ্যাপ থাকলে অচেনা নম্বর চেনা গেলেও অনেকেই এর কারণে বেশ সমস্যার সম্মুখীন হতে হয়। তবে এই সমস্যা কমাতে এ বার নতুন উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার।
ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনের নির্দেশ অনুযায়ী (DoT), ২০২৬ সালের ১ নভেম্বর থেকে সারা দেশের মোবাইল ব্যবহারকারীদের জন্য কলিং নেম প্রেজ়েন্টেশন (CNAP) পরিষেবা চালু করা হবে। সেই মতো দেশের সব টেলিকম সংস্থাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। এটি চালু হলে ফোনে কল আসার সময়ে নম্বরের পাশাপাশি কলারের নামও দেখা যাবে।
কী এই CNAP পরিষেবা?
CNAP হলো একটি এমন পরিষেবা, যা চালু হওয়ার পরে আপনার ফোনে কোনও অজানা ফোন নম্বর থেকে কল আসবে না। যেই আপনাকে ফোন করুক, তার নাম ভেসে উঠবে মোবাইল ফোনের স্ক্রিনে।
টেলিকম সংস্থার রেজিস্টার্ড গ্রাহকদের পরিচয়ের ভিত্তিতে কলারের নাম দেখানো হবে। ফলে, ফোনে নম্বরটি সেভ করা না থাকলেও কে ফোন করছেন, তা বোঝা সহজ হবে।
কী ভাবে কাজ করবে নতুন নিয়ম?
টেলিকম দপ্তরের নির্দেশ অনুযায়ী, ১ নভেম্বর থেকে ৪জি এবং ৫জি-তে এই পরিষেবা ডিফল্ট ভাবে চালু করা হবে। ফোন এলে প্রথমে দেখা যাবে কলারের নম্বর। তার নীচে থাকবে নাম।
তবে নম্বরটি ফোনের কন্ট্যাক্টে আগে থেকে সেভ করা থাকলে সেই সেভ করা নাম দেখা যাবে। নম্বরটি সেভ না থাকলে সংশ্লিষ্ট টেলিকম সংস্থার কাস্টমার লিস্টে যে নাম নথিভুক্ত রয়েছে, সেই নাম দেখানো হবে। বিদেশ থেকে আসা কলের ক্ষেত্রেও স্ক্রিনে ‘International Call’ লেখা দেখা যাবে।
বিভিন্ন টেলিকম সংস্থাগুলিকে কেন এই নির্দেশ দেওয়া হয়েছে?
কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, এই পরিষেবা চালু করার পিছনে রয়েছে মূলত দু’টি কারণ।
১. এই পরিষেবা চালু হলে গ্রাহকরা অজানা বা প্রতারণামূলক কল এলে বেশি সতর্ক হতে পারবেন।
২. এ জেরে প্রতারণামূলক কলগুলিকে শনাক্ত করা আরও সহজ হবে। স্প্যাম কল চিনতে সুবিধা হবে।
তবে কেন্দ্রীয় সরকারের নতুন CNAP পরিষেবা চালুর আগেও বেশ কয়েকটি সংস্থা ও অ্যাপ অচেনা নম্বর থেকে ফোন এলে কলারের নাম দেখায়। এর মধ্যে পরিচিত হলো Truecaller, Google Phone। এ ছাড়া অ্যাপলের ক্ষেত্রে জনপ্রিয় হলো ‘Silence Unknown Callers’-এর মতো ফিচার। কিন্তু সবার ফোনে এই ফিচার বা অ্যাপ থাকে না। তাঁদের ক্ষেত্রে স্প্যাম কল বা অচেনা কোনও নম্বর থেকে কল আসলে অনেকেই তা বুঝতে পারেন না। এ বার তাঁদের অনেকটাই সুবিধা হবে মনে করা হচ্ছে।
ব্যবসায়িক নম্বরের ক্ষেত্রেও নিয়ম
ব্যবসায়িক কাজে ব্যবহৃত নম্বরগুলির ক্ষেত্রে কোনও সংস্থা চাইলে নিজের পছন্দের নাম ব্যবহার করতে পারবে। তবে সেই নাম ট্রেডমার্ক রেজিস্ট্রি বা GST পোর্টালে নথিভুক্ত থাকতে হবে।
অন্য দিকে, ২জি, ৩জি এবং ল্যান্ডলাইন পরিষেবায় এই ব্যবস্থা চালু করা হবে কি না, বা কবে চালু করা হবে, তা নিয়ে বিবেচনা করা হচ্ছে।
