টাঙ্গাইলের কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ জনে। সর্বশেষ নতুন করে আরও একজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ডেঙ্গুর বিস্তার রোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মীরুফা তাজনীন সুমি।
কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বশেষ হিসাব অনুযায়ী, এর আগে হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল ৪৩ জন। নতুন করে একজন ভর্তি হওয়ায় এ সংখ্যা বেড়ে ৪৪ জনে দাঁড়িয়েছে।
এ বিষয়ে ডা. মীরুফা তাজনীন সুমি বলেন, “ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। তাই আমাদের আরও সতর্ক থাকতে হবে।” তিনি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন।
স্বাস্থ্যসংশ্লিষ্টদের মতে, ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার বংশবিস্তার রোধ করা জরুরি। এ জন্য বাড়ির আশপাশে জমে থাকা পানি নিয়মিত অপসারণ করতে হবে। ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা ও অন্যান্য স্থানে পানি জমতে দেওয়া যাবে না। পাশাপাশি পানির ট্যাংক ও পাত্র ঢেকে রাখতে হবে।
স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি কমানো সম্ভব। জ্বর বা ডেঙ্গুর অন্যান্য উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
The post কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগী ৪৪ জন, সতর্ক থাকার আহ্বান appeared first on ভোরের চেতনা.
