চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রশস্ত করার দাবিতে ব্যতিক্রমী কর্মসূচি হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গণলাইভ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় আয়োজিত এ কর্মসূচিতে প্রায় ৫০ জন অংশ নেন। সড়কটির সংকীর্ণতা, অবৈধ দখল ও দীর্ঘদিনের জনদুর্ভোগের চিত্র তুলে ধরে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান তারা।
স্থানীয়দের অভিযোগ, শিবগঞ্জ বাজারের প্রধান সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে প্রতিদিনই যানজটে চরম ভোগান্তিতে পড়তে হয়। অনেক সময় মাত্র আধা কিলোমিটার সড়ক পার হতে ২০ থেকে ২৫ মিনিট সময় লাগে। সড়কের দুই পাশের কিছু জায়গা বাড়ির মালিক ও দোকানদারদের দখলে থাকায় চলাচলের জায়গা সংকুচিত হয়েছে। এতে যানজটের পাশাপাশি সাধারণ মানুষের দুর্ভোগও বাড়ছে।
আয়োজকদের ভাষ্য, সড়কটি প্রশস্ত করার দাবি বিভিন্ন সময়ে নানা মাধ্যমে তুলে ধরা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ দৃশ্যমান হয়নি। এ পরিস্থিতিতে জনদুর্ভোগের বিষয়টি সামনে আনতে গণলাইভের আয়োজন করা হয়।
কর্মসূচি থেকে ঘোষণা দেওয়া হয়, দাবি পূরণে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে সর্বসাধারণকে সঙ্গে নিয়ে আরও বড় কর্মসূচি পালন করা হবে।
গণলাইভের অন্যতম উদ্যোক্তা গণমাধ্যমকর্মী আহসান হাবিব, আল বশরী সোহান, ওয়াহেদুল সাগর, মোস্তাফিজ, নুরুল ইসলাম, ফাইয়াজ রহমান তনয়, হাফিজুর রহমান ও ফরহাদ আলীসহ রায়হান আলী এ কর্মসূচির আয়োজন করেন।
এদিকে গণলাইভের মাধ্যমে দীর্ঘদিনের জনদুর্ভোগ তুলে ধরায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সাধারণ মানুষ। তাদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ নিয়ে সড়কটি প্রশস্ত করার পাশাপাশি দখলমুক্ত করে স্বাভাবিক চলাচল নিশ্চিত করবে।
