খাঁচার ভিতর অচিন পাখি, কেমনে আসে যায়— একটি গানের ভেতর মানুষকে নিয়ে এমন প্রশ্ন লুকিয়ে আছে, যার উত্তর আমরা খুঁজছি শতাব্দীর পর শতাব্দী। কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন মেলার জন্মও সেই অনুসন্ধানের আবহে। কোনো বাণিজ্যিক উৎসবের পরিকল্পনায় নয়, বরং মানুষের মিলন, গান ও ভাববিনিময়ের এক ঘনিষ্ঠ পরিসরে। আজ সেই আয়োজন শুধু লালনকে স্মরণ করার উপলক্ষ নয়; এটি বাংলার লোকদর্শন কীভাবে দেশ-কাল পেরিয়ে মানুষের কাছে পৌঁছেছে, তারও এক জীবন্ত সাক্ষ্য।
লালনের জীবন নিয়ে প্রচলিত কাহিনিগুলোর একটি বলে, তীর্থযাত্রার পথে গুটিবসন্তে আক্রান্ত হয়ে তিনি অসুস্থ অবস্থায় নদীর ধারে পড়ে ছিলেন, মলম শাহ ও তার স্ত্রী মতিজান তাকে আশ্রয় দিয়ে সুস্থ করে তোলেন। লালনের জীবন সম্পর্কে নির্ভরযোগ্য তথ্যের ঘাটতি এতটাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাহিত্য পত্রিকায় ১৯৬৭ সালে প্রকাশিত এস এম লুৎফর রহমানের গবেষণায়ও তার জীবনী পুনর্গঠনের সীমাবদ্ধতার কথা বলা হয়েছিল। লালন নিজেও নিজের বংশপরিচয় কিংবা অতীতের বিবরণ রেখে যাওয়ার ব্যাপারে আগ্রহী ছিলেন না বলে গবেষকরা উল্লেখ করেছেন।
লালনের নামে প্রচারিত চিত্রকর্ম
এই অনিশ্চয়তার বিপরীতে দাঁড়িয়ে আছে ছেঁউড়িয়ার আখড়াবাড়ি। ঊনিশ শতকের মাঝামাঝি সময়ের আগে বা পরে কোনো এক সময়ে তিনি সেখানে নিজের আস্তানা গড়ে তোলেন। আখড়ার একটি ঘর পরিচিত ছিল ‘হকের ঘর’ নামে, সেখানেই লালন তার সাধনা ও সংগীতচর্চা করতেন। তার ইচ্ছা অনুযায়ী মৃত্যুর পর অনুসারীরা তাকে ওই ঘরেই সমাহিত করেন। দোলপূর্ণিমাকে কেন্দ্র করে সেখানে লালনের জীবদ্দশা থেকে প্রতিবছর আয়োজিত হচ্ছে সাধুসঙ্গ। আর তার তিরোধানকে যুক্ত হয়েছে আরেকটি সঙ্গ, যা এখন অনুষ্ঠিত হচ্ছে। এতে গান পরিবেশনের পাশাপাশি নতুন অনুসারীদের নির্দেশনা দেয়া, গানের ব্যাখ্যা এবং বিভিন্ন পর্যায়ের আলোচনা চলে। কালে কালে গড়ে ওঠে সংগঠিত স্মরণানুষ্ঠান, পরে কমিটি, লালন একাডেমি ও সরকারি পৃষ্ঠপোষকতার মধ্য দিয়ে আয়োজনটি আরো বড় হয়। পুরনো সাধুসঙ্গের সঙ্গে যুক্ত হয় সাধারণ দর্শনার্থী, সাংস্কৃতিক অনুষ্ঠান, মঞ্চ ও বাণিজ্য। ফলে আজকের লালন মেলা তার আদি রূপের হুবহু পুনরাবৃত্তি নয়, বরং সময়ের সঙ্গে বদলে যাওয়া একটি জীবন্ত ঐতিহ্য।
লালনের আখড়াবাড়ির বর্তমান রূপ
লালনের সবচেয়ে বিস্ময়কর উত্তরাধিকার তার গানের সংখ্যা নয়, বরং সেই গানগুলো কীভাবে হারিয়ে যাওয়ার ঝুঁকি পেরিয়ে টিকে আছে। তিনি নিজের রচনা সংরক্ষণের জন্য কোনো পূর্ণাঙ্গ লিখিত সংকলন রেখে যাননি, গানগুলো মূলত মুখে মুখে ছড়িয়েছে, শিষ্যদের স্মৃতি ও খাতায় জায়গা পেয়েছে। তার রচিত গানের প্রকৃত সংখ্যা নিয়েও মতভেদ আছে। অনুসারীদের কেউ কয়েক হাজার, কেউ আরো বেশি গানের কথা বলেন। পুরনো পাণ্ডুলিপির অনেকগুলো হারিয়ে যাওয়ার কথাও গবেষণায় উঠে এসেছে। ফলে লালনের গান সংরক্ষণের ইতিহাস আসলে স্মৃতি, মৌখিক পরম্পরা এবং হারিয়ে যাওয়ার বিরুদ্ধে মানুষের দীর্ঘ লড়াইয়ের ইতিহাস।
এই ইতিহাসে রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। লালনের গান যখন মূলত গ্রামীণ গায়ক ও অনুসারীদের মুখে বেঁচে ছিল, তখন রবীন্দ্রনাথ সেই গানের প্রতি শিক্ষিত সমাজের দৃষ্টি আকর্ষণ করেন। লালনের গানের পাণ্ডুলিপি থেকে ২৯৮টি গান প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়। এই সংরক্ষণ ও প্রকাশের মধ্য দিয়ে লালনের সংগীত বৃহত্তর পাঠকসমাজের কাছে পৌঁছানোর একটি গুরুত্বপূর্ণ পথ তৈরি হয়। পরে অনুবাদ, গবেষণা ও আন্তর্জাতিক প্রকাশনার মাধ্যমে সেই যাত্রা আরো বিস্তৃত হয়েছে। ক্যারোল সলোমনের সম্পাদনা ও অনুবাদে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে প্রকাশিত ‘সিটি অব মিররস: সংস অব লালন সাঁই’ তার একটি উল্লেখযোগ্য উদাহরণ। ২০০৮ সালে ইউনেসকো বাংলাদেশের বাউল গানকে মানবতার অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করে— এটি বাংলার বৃহত্তর সংগীত ধারার আন্তর্জাতিক গুরুত্বের স্বীকৃতি। এ ঐতিহ্যে লালনও একটি গুরুত্বপূর্ণ চরিত্র।
‘খাঁচার ভিতর অচিন পাখি’তে মানুষের অস্তিত্ব ও নিজের অজানাকে বোঝার আকাঙ্ক্ষা যেমন উঠে আসে, তেমনি ‘জাত গেল জাত গেল বলে’ গানে সামাজিক পরিচয়ের ভিত্তিতে মানুষকে ভাগ করার প্রবণতা প্রশ্নের মুখে পড়ে। তার দর্শনকে শুধু সহনশীলতার সাধারণ বার্তা হিসেবে দেখলে তাই তার গভীরতা ধরা পড়ে না। লালন মানুষকে কেবল অন্যকে গ্রহণ করতে বলেন না, তিনি প্রশ্ন তোলেন, অন্যকে বিচার করার যে মানদণ্ড আমরা এত নিশ্চিন্তে ব্যবহার করি, তার ভিত্তিটাই বা কতটা সত্য? এই প্রশ্নই ছেঁউড়িয়ার মেলাকে আজও তাৎপর্যপূর্ণ করে রেখেছে। প্রতিবছর সেখানে শিল্পী, অনুসারী, গবেষক ও দর্শনার্থীরা সমবেত হন। গান হয়, আলোচনা হয়, দোকান বসে, স্থানীয় মানুষের জীবিকায় সাময়িক গতি আসে। আয়োজনের ব্যাপ্তি বেড়েছে, বদলেছে ব্যবস্থাপনা, যুক্ত হয়েছে প্রাতিষ্ঠানিক পৃষ্ঠপোষকতা। কিন্তু একটি সাংস্কৃতিক ঐতিহ্যকে বাঁচিয়ে রাখা আর তার দর্শনকে জীবন্ত রাখা এক বিষয় নয়। লালনের গান মঞ্চে যত সহজে পৌঁছায়, তার প্রশ্নগুলো মানুষের চিন্তা ও আচরণে পৌঁছানো তত সহজ নয়। মেলার সাফল্য তাই শুধু কত মানুষ এলেন বা কত গান গাওয়া হলো, তা দিয়ে মাপা যায় না; দেখতে হয়, সেই গান মানুষকে নিজের পূর্বধারণা নিয়ে ভাবতে বাধ্য করছে কিনা।
আখড়াবাড়ি ঘিরে ভক্ত-দর্শনার্থীদের ভিড়
লালন মেলার ইতিহাসে এই দ্বৈততা আছে— একদিকে হারিয়ে যেতে পারত এমন গানকে প্রজন্মের পর প্রজন্ম বাঁচিয়ে রাখার সাফল্য, অন্যদিকে সেই গানকে বড় সাংস্কৃতিক আয়োজনের অংশ করে তোলার পরিবর্তন। এর সূচনাবর্ষ অনিশ্চিত, লালনের জীবনও পুরোপুরি জানা নয়, তার গানের কতটুকু আজও অবিকৃতভাবে টিকে আছে, তা নিয়েও গবেষণার প্রয়োজন শেষ হয়নি। তবু এই অসম্পূর্ণতার মধ্য দিয়েই তার উত্তরাধিকার এগিয়েছে। হয়তো লালন মেলার সবচেয়ে গভীর তাৎপর্য সেখানেই: যে মানুষ নিজের পরিচয়ের নির্ভুল ইতিহাস রেখে যাননি, তার গানই আজও মানুষকে নিজের পরিচয়, নিজের সমাজ এবং নিজের বিশ্বাস সম্পর্কে নতুন করে প্রশ্ন করতে শেখাচ্ছে।
