সম্প্রতি, কাফনের কাপড় পরে আওয়ামী লীগের মশাল মিছিলের দৃশ্য দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
তবে অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ভিডিওটি আওয়ামী লীগের মশাল মিছিলের নয়, এমনকি ভিডিওটি বাংলাদেশেরও নয়। প্রকৃতপক্ষে, গত ২১ অক্টোবর ভারতের অন্ধ্রপ্রদেশের কুনুর্ল জেলার ঐতিহাসিক দেভারাগাত্তু বান্নী উৎসবের দৃশ্য এটি।
বিস্তারিত
অনুসন্ধানে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার ওয়েবসাইটে গত ২২ অক্টোবর প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। সেই প্রতিবেদনে থাকা ভিডিও দৃশ্যের সঙ্গে প্রচারিত ভিডিওর মিল রয়েছে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, গত ২১ অক্টোবর ভারতের অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলায় ঐতিহ্যবাহী বন্নি উৎসব চলাকালে ভয়াবহ সংঘর্ষে এক ভক্তের মৃত্যু এবং ৬০ জনেরও বেশি আহত হওয়ায় উৎসবটি মারাত্মক সহিংসতা ও মর্মান্তিক দৃশ্যে পরিণত হয়। মৃত ব্যক্তি হলেন পোথু রাজু (৩২)।
একই তথ্যে সংবাদ প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম- দ্য হিন্দু, ইটিভি ভারত এবং দ্য টেলিগ্রাম সহ একাধিক গণমাধ্যম।
অতএব, আওয়ামী লীগের মশাল মিছিলের দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে ভারতের উৎসবের ভিডিও।
