চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে মারসা বাসকে ওভারটেক করার সময় মুখোমুখি সংঘর্ষে দুমড়েমুচড়ে গেছে একটি প্রাইভেট কার। এতে শিশুসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে চন্দনাইশ পৌরসভার গাছবাড়িয়া সরকারি কলেজের উত্তর পাশে ব্র্যাকের আঞ্চলিক কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন চট্টগ্রামের আগ্রাবাদ এলাকার সৈয়দ মো. রিদোয়ান (৪৫), সৈয়দ মো. মনজুর (১৩), জান্নাতুল আফরা (৭), মোছাম্মৎ আনিস খাতিজা (৩৫) এবং প্রাইভেট কারের চালক মো. আনোয়ার (৩২)।
প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে আসা মারসা বাসটি (চট্টমেট্রো-ব-১১-১২১৩) নির্ধারিত লেন অতিক্রম করে ওভারটেক করার সময় চট্টগ্রাম থেকে সাতকানিয়াগামী একটি প্রাইভেট কারের (চট্টমেট্রো-গ-১২-৬০৪৭) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারটি দুমড়েমুচড়ে যায় এবং এর চালকসহ পাঁচজন আহত হন।
স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সৈয়দ মো. রিদোয়ানকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেন, আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আবছার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে বাস ও প্রাইভেট কারটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
The post চন্দনাইশে মারসা বাসকে ওভারটেক করতে গিয়ে দুমড়েমুচড়ে গেল প্রাইভেট কার, আহত ৫ appeared first on সুপ্রভাত বাংলাদেশ.
