ভারতের কলকাতায় দুর্গাপূজার একটি মণ্ডপে ভিড়ের মধ্যে পদদলিত হয়ে এক শিশুসহ ১৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১৩ জন নারী। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। তাদের মধ্যে অন্তত ৩৫ জনকে হাসপাতালে নেয়া হয়েছে। এ খবর দিয়েছে এনডিটিভি।
এতে বলা হয়, শনিবার সন্ধ্যায় উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গাপূজামণ্ডপের বের হওয়ার পথে এ ঘটনা ঘটে। বৃষ্টির মধ্যে দর্শনার্থীদের অতিরিক্ত ভিড়ের কারণে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে কলকাতা পুলিশ।
পুলিশ জানায়, শনিবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে গিরিশ পার্ক থানা এলাকার সারদা পার্কের চোরবাগান পূজামণ্ডপের বের হওয়ার পথে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ, দমকল বাহিনী, বিপর্যয় মোকাবিলা দল ও চিকিৎসক দল ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের উদ্ধার করে কলকাতার এমসিএইচ হাসপাতালে নেয়া হয়। পরে পূজামণ্ডপটি দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেয়া হয়।
ঘটনার পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও মুখ্যসচিব মনোজ আগরওয়াল হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন। রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। আহতদের দ্রুত সুস্থতা কামনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দিয়েছেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পূজামণ্ডপের প্রবেশ ও বের হওয়ার পথ ছিল সরু। ওই এলাকায় পর্যাপ্ত আলোর ব্যবস্থাও ছিল না বলে অভিযোগ করেছেন একজন প্রত্যক্ষদর্শী। ঘটনার সময় অনেকে জ্ঞান হারিয়ে ফেলেন। আহতদের কয়েকজনকে মোটরসাইকেলে করে হাসপাতালে নেয়া হয়।
