তপন বিশ্বাস: ইসলামপুর
দুর্গাপুজোর ভিড় সামলাতে এবার ইসলামপুর শহরে নামানো হল কেন্দ্রীয় বাহিনী। চোরবাগানের মর্মান্তিক ঘটনার পর ভিড় নিয়ন্ত্রণ ও দর্শনার্থীদের নিরাপত্তা নিয়ে বাড়তি সতর্ক প্রশাসন। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই ইসলামপুরের একাধিক জনপ্রিয় দুর্গাপুজো মণ্ডপে ভিড় সামলানোর কাজে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করা হচ্ছে। শহরের বাস টার্মিনাসেও ভিড় নিয়ন্ত্রণে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের কাজে লাগানো হয়েছে।
দুর্গাপুজোকে কেন্দ্র করে প্রতি বছরই ইসলামপুর শহরে মানুষের ঢল নামে। সন্ধ্যা গড়ানোর সঙ্গে সঙ্গে বিভিন্ন পুজো মণ্ডপে দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে। বিশেষ করে অষ্টমী, নবমী ও দশমীর সন্ধ্যায় শহরের রাস্তাঘাটে যানজট এবং মণ্ডপ সংলগ্ন এলাকায় মানুষের চাপ সামলানো প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। ভিড়ের চাপে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই লক্ষ্যেই নিরাপত্তা ব্যবস্থায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
শহরের আদর্শ সংঘ, ব্লকপাড়া ও নেতাজি পল্লি, ইসলামপুর তরুণ সংঘ, কমল মেমোরিয়াল ক্লাব এবং মিলনপল্লি সার্বজনীন দুর্গাপুজোয় দর্শনার্থীদের ভিড় নিয়ন্ত্রণে কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগানো হয়েছে। পাশাপাশি শহরের গুরুত্বপূর্ণ যাতায়াতের কেন্দ্র বাস টার্মিনাসেও ভিড় সামলানোর কাজে বাহিনীর জওয়ানদের মোতায়েন করা হয়েছে।
পুজোর দিনগুলিতে দূরদূরান্ত থেকে বহু মানুষ ইসলামপুর শহরে প্রতিমা দর্শনে আসেন। ফলে মণ্ডপের প্রবেশ ও বেরোনোর পথ সচল রাখা, দর্শনার্থীদের চলাচল নিয়ন্ত্রণ করা এবং কোনও এলাকায় অতিরিক্ত ভিড় জমতে না দেওয়া অত্যন্ত জরুরি। কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে সেই ব্যবস্থাকে আরও জোরদার করার চেষ্টা করা হচ্ছে।
চোরবাগানের ঘটনার পর উৎসবের ভিড় নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সেই প্রেক্ষাপটে ইসলামপুরে আগাম সতর্কতামূলক পদক্ষেপকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অনেকেই। তবে ভিড় নিয়ন্ত্রণে বাহিনীর পাশাপাশি দর্শনার্থীদের সচেতনতা এবং প্রশাসনের সঙ্গে সহযোগিতাও সমান জরুরি। আনন্দের উৎসব যাতে8 কোনওভাবেই বিষাদে পরিণত না হয়, সেই লক্ষ্যেই নিরাপত্তার উপর বাড়তি জোর দেওয়া হয়েছে।
