সাইদুর রহমান, মির্জাপুর (টাঙ্গাইল)।
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার উয়ার্শী ইউনিয়নের সাফর্তা গ্রামের মেয়ে অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান বাংলাদেশের প্রধান তথ্য কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি দেশের প্রথম নারী প্রধান তথ্য কমিশনার হিসেবে এ দায়িত্ব পেতে যাচ্ছেন।
সম্প্রতি, ১৭ অক্টোবর ২০২৬ তারিখে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খানকে প্রধান তথ্য কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানা গেছে।
নাহরিন ইসলাম খান একজন বাংলাদেশী ভূগোলবিদ। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক।
তাঁর এ নিয়োগে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার সাফর্তা গ্রামের মানুষের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি হয়েছে। নিজ এলাকার একজন নারী দেশের গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও তথ্য অধিকারসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শীর্ষ পদে নিয়োগ পাওয়ায় বিষয়টি স্থানীয়ভাবে বিশেষ গুরুত্ব বহন করছে।
প্রধান তথ্য কমিশনার তথ্য অধিকার আইন বাস্তবায়ন, নাগরিকের তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করা এবং তথ্য কমিশনের কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
মির্জাপুরের সাফর্তা গ্রামের নাহরিন ইসলাম খানের এ নিয়োগ দেশের নারীদের উচ্চপর্যায়ের দায়িত্ব পালনের ক্ষেত্রে নতুন দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

