নবীগঞ্জে গ্রিন লাইন বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৯

হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে গ্রিন লাইন পরিবহনের একটি বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন নারীসহ ৯ জন আহত হয়েছেন।
আজ রোববার (১৮ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার সৈয়দপুর বাজারসংলগ্ন জালালপুর মেসার্স ফরটিক মিয়া ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিলেটগামী গ্রিন লাইন পরিবহনের একটি বাসের (ঢাকা মেট্রো-ব-১৪-১১০৮) সঙ্গে ঢাকাগামী বালুবাহী একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১২-২৬৪২) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের যাত্রীদের মধ্যে হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত ৯ জনের মধ্যে ছয়জন পুরুষ ও তিনজন নারী রয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় আহত ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শেরপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত ব্যক্তিদের হাসপাতালে পাঠানোর পাশাপাশি দুর্ঘটনাকবলিত যাত্রীদের মালামাল উদ্ধার করে তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে।
তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি। এদিকে দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কের ওই অংশে একমুখী যান চলাচল করছে। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক সরিয়ে নিতে রেকারিংয়ের ব্যবস্থা করা হয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
এই বিভাগের আরো খবর






