স্টাফ করেসপন্ডেন্ট
রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে শিশু চোর সন্দেহে মো. আলম শেখ (৪১) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার রাত ১১টার দিকে হাসপাতালের শিশু ওয়ার্ডের সামনে এ ঘটনা ঘটে। পরে রাতেই তার মৃত্যু হয়। বৃহস্পতিবার শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) রিমন মিয়া এ তথ্য জানান।
পুলিশ জানায়, বুধবার রাত ১১টার দিকে আলম শেখ হাসপাতালের শিশু ওয়ার্ডের সামনে ঘোরাঘুরি করছিলেন। এ সময় হাসপাতালে চিকিৎসাধীন শিশুদের স্বজনেরা তাকে শিশু চোর সন্দেহ করেন। তারা আলম শেখের হাসপাতালে আসার কারণ জানতে চান। তবে তিনি সন্তোষজনক উত্তর দিতে পারেননি। একপর্যায়ে ক্ষুব্ধ স্বজনেরা তাকে টেনেহিঁচড়ে হাসপাতালের নিচে নামিয়ে মারধর করেন। এতে আলম শেখের মৃত্যু হয়।
ঘটনার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর দেওয়া হলে শেরেবাংলা নগর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পরে লাশ উদ্ধার করে পুলিশ।
পরে আঙুলের ছাপের মাধ্যমে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করা হয়েছে। তিনি রূপনগরের টিনশেড এলাকায় থাকতেন। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ। পরিবারের বরাত দিয়ে এসআই রিমন মিয়া জানান, আলম শেখ মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি মস্তিষ্কে স্ট্রোকেও আক্রান্ত হয়েছিলেন। তিনি জানান, সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে।
লাশ বুঝে নিতে তার পরিবারকে খবর দেওয়া হয়েছে।
