গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল নামের একটি ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে বর্তমানে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে এবং সহায়তা দিতে আরও ১১টি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।
আজ বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৪ মিনিটে কারখানাটিতে আগুন লাগে। খবর পাওয়ার পরপরই সকাল ১০টা ১৫ মিনিটে ফায়ার সার্ভিসের টিম দুর্ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয় এবং ১০টা ২৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, স্টেশন থেকে মাত্র দুই কিলোমিটার দূরত্বে অবস্থিত ওই কারখানায় দ্রুত পৌঁছানো সম্ভব হলেও আগুনের তীব্রতা বেশি হওয়ায় আরও ইউনিট বাড়ানো হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
