Published : 18 Oct 2026, 03:20 PM
Updated : 18 Oct 2026, 03:20 PM
চট্টগ্রামে পুলিশের ‘তালিকাভুক্ত সন্ত্রাসী’ ও চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক ওয়াকিল হোসেন বগা আত্মসমর্পণের পর তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
রোববার দুপুরে চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিদুল ইসলামের আদালতে আত্মসমর্পণ করেন ওয়াকিল হোসেন।
চট্টগ্রাম মহানগর আদালতের সহকারী পিপি অ্যাডভোকেট রায়হানুল ওয়াজেদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “খুলশী থানার চাঁদাবাজির একটি মামলায় ওয়াকিল হোসেন বগা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছে।”
চট্টগ্রাম আদালতে পুলিশের প্রসিকিউশন শাখার এক কর্মকর্তা জানান, ওয়াকিল হোসেন বেলা ১২টার পর আদালতে আসেন। ২টার দিকে তার জামিন আবেদনের শুনানি শেষে তা নাকচ করা হয়।
ওয়াকিল হোসেনের বিরুদ্ধে মোট হত্যা, চাঁদাবাজি, অস্ত্র ও মাদকসহ বিভিন্ন অভিযোগে ১৭টি মামলা আছে। এর মধ্যে দুটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও ছিল বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
এর আগে একাধিবার চেষ্টা করেও পুলিশ ওয়াকিল হোসেন বগাকে গ্রেপ্তার করতে পারেনি।
চট্টগ্রাম সিটি করপোরেশন কার্যালয়ে ওয়াকিল হোসেন বগা অবস্থান করছে শুনে ৬ অক্টোবর রাতে ওই ভবন ঘিরে রাখে পুলিশ। সে সময় কার্যালয়ে ছিলেন সিটি মেয়র শাহাদাত হোসেন।
ওই অভিযানের পরদিন সকালে মেয়র খুলশী থানার ওসি আব্দুর রহিমের বিরুদ্ধে ‘আওয়ামী লীগ প্রীতির’ অভিযোগ তোলেন এবং ওয়াকিল হোসেন বগার পক্ষ নিয়ে কথা বলেন।
সেদিন বিকালেই ওসি আব্দুর রহিমকে খুলশী থানা থেকে নগর বিশেষ শাখায় (সিটি এসবি) বদলির আদেশ দিয়েছিলেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী। পরে ৮ অক্টোবর পরিদর্শক আব্দুর রহিমকে চট্টগ্রাম মহানগর পুলিশ থেকে খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারে বদলির আদেশ দেয় পুলিশ সদর দপ্তর।
পাহাড়তলী কলেজের এক শিক্ষককে ডেকে নিয়ে মারধরের অভিযোগে এক মামলায় গত ৩ সেপ্টেম্বর রাতে খুলশী থানা পুলিশ ওয়াকিল উদ্দিন বগাকে ধরতে ওয়্যারলেস কলোনি এলাকায় অভিযানে গিয়েছিল।
সে সময় পুলিশের ওপর হামলা চালায় বগার অনুসারীরা। ছয় পুলিশ সদস্য ওই ঘটনায় আহত হয়।
গত ২৯ সেপ্টেম্বর খুলশী থানার ওয়্যারলেস কলোনি এলাকায় ১৬ বছর বয়েসী কিশোর সবজি বিক্রেতা খুনের মামলাতেও আসামি করা হয়েছিল বগাকে। ওই এলাকায় কিশোর গ্যাং পরিচালনা, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ আছে বগার বিরুদ্ধে।
