কালবেলা · রাজনীতি
মিছিলের প্রস্তুতিকালে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য পুলিশ হেফাজতে
১৪/১০/২০২৬

ঢাকায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে বরিশালে আয়োজিত বিক্ষোভ মিছিল পণ্ড করে দিয়েছে পুলিশ। এসময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বরিশাল মহানগরের আহ্বায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুলকে হেফাজতে নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীটি।
বুধবার (১৪ অক্টোবর) বিকেলে নগরীর লঞ্চঘাট এলাকায় একটি রেস্টুরেন্ট থেকে জাতীয় পার্টির এ জ্যেষ্ঠ নেতাকে হেফাজতে নেওয়া হয় বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ওসি মো. মনিরুল ইসলাম।
তিনি বলেন, ‘পুলিশের নির্দেশ উপেক্ষা করে নগরীতে বিক্ষোভ করে জাতীয় পার্টি। এ কারণে জাতীয় পার্টির নেতা মহসিন উল ইসলাম হাবুলকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে তার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।’
জাতীয় পার্টির নেতাকর্মীরা জানিয়েছেন, জাপা চেয়ারম্যানের বাসভবনে হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার নগরীতে শান্তিপূর্ণ প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে মহানগর শাখা। এজন্য মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুলের নেতৃত্বে নেতাকর্মীরা জেলা পরিষদ চত্বরে জড়ো হয়। পুলিশ গিয়ে তাদের মিছিল করতে নিষেধ করে সেখান থেকে বের করে দেয়।
পরে নেতাকর্মীরা নগরীর লঞ্চঘাট এলাকার একটি রেস্টুরেন্টে আবারও জড়ো হয়। তখন বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. বেল্লাল হোসাইনের পুলিশের একটি টিম সেখান থেকে অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুলকে হেফাজতে নেয়।
মূল প্রতিবেদনে যান ↗