Published on
:
2 min read
দুর্গাপুজো মানেই মণ্ডপসজ্জা, প্রতিমা দর্শন আর থিমের অভিনবত্ব। কলকাতার পাশাপাশি উত্তর ২৪ পরগনার সীমান্ত শহর বনগাঁতেও প্রতি বছর নজর কাড়ে বিভিন্ন পুজো। বিগ বাজেটের মণ্ডপ থেকে শুরু করে নিপুণ কারুকাজ বা বাংলার ঐতিহ্যকে তুলে ধরা শিল্পকলা– সব মিলিয়ে পুজোর দিনগুলিতে দর্শনার্থীদের অন্যতম আকর্ষণ হয়ে ওঠে বনগাঁর একাধিক পুজো মণ্ডপ। এ বছরের সেরকমই কিছু মণ্ডপের কথা তুলে ধরা হলো এই প্রতিবেদনে।
বনগাঁর অন্যতম বড় পুজো হলো প্রতাপগড় স্পোর্টিং ক্লাবের পুজো। এই পুজোর এ বারের বিশেষ আকর্ষণ ‘মুখোশের আড়ালে’ থিম।
বনগাঁর ঐতিহ্যবাহী পুজোগুলির মধ্যে অন্যতম ঐক্য সম্মিলনী। মণ্ডপ সাজিয়ে তুলেছে অযোধ্যার রাম মন্দিরের আদলে। ঝাড়বাতি, আলোর কারুকাজ এবং ভগবান রামের মূর্তি মণ্ডপের আকর্ষণ বাড়িয়েছে। দর্শনার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে সিসিটিভিরও ব্যবস্থা রয়েছে।
Eisamay.com
বনগাঁ ‘এগিয়ে চলো’ ৩ নম্বর টালিখোলার পুজোয় বিশেষ আকর্ষণ গুজরাটের সোমনাথ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে মণ্ডপ। প্রবেশপথের দু’পাশে ঝরনা, ঝাড়বাতি এবং দেবদেবীর ছবি দিয়ে সাজানো হয়েছে মণ্ডপ চত্বর।
শিমুলতলা আয়রন গেট স্পোর্টিং ক্লাবের পুজোয় নজর কেড়েছে বাঁশের তৈরি মণ্ডপ। বাঁশের চটা, ঝুড়ি, কুলো এবং ছোট ছোট বাঁশের টুকরো দিয়ে শিল্পীরা ফুটিয়ে তুলেছিলেন অসাধারণ কারুকাজ। মণ্ডপের অন্দরসজ্জায় রয়েছে আলোর বিশেষ বন্দোবস্ত
গান্ধীপল্লী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের বিশেষ ভাবনা এ বছর ‘বাঙালিয়ানা’। মুনি-ঋষিদের ছবি, কাঠ ও বাঁশের কাজ, নজরকাড়া আলোকসজ্জা এবং সুতো ও বাঁশ দিয়ে তৈরি অবয়ব মণ্ডপের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছিল। উদ্যোক্তাদের দাবি অনুযায়ী, মণ্ডপসজ্জায় প্লাস্টিক এড়িয়ে কাঠ ও বাঁশের মতো উপকরণ ব্যবহার করা হয়েছে। এই ক্লাবের পূজা উদ্বোধন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
এই পুজোগুলি ছাড়াও বনগাঁয় আরও একাধিক ভালো পুজো রয়েছে। সেগুলিও অভিনবত্ব, মণ্ডপসজ্জা, প্রতিমা— সমস্ত দিক থেকেই দর্শকদের মন কেড়ে নেবে। এই প্রতিবেদনের মাধ্যমে উপরের এই পাঁচটি পুজোকেই সেরা পুজো বলে দাবি করা হচ্ছে না।
