এক বিধবা নারীকে মারধরের অভিযোগে নেত্রকোনার বারহাট্টা উপজেলা যুবদলের আহ্বায়ক মোজাম্মেল হক সোহেলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে দলের প্রাথমিক সদস্যপদ থেকেও তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সহিংস কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে মোজাম্মেল হক সোহেলকে বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞাপন
কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের সিদ্ধান্তে এ সাংগঠনিক ব্যবস্থা কার্যকর করা হয়। যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এজমল হোসেন পাইলটও বিষয়টি নিশ্চিত করেছেন। মোজাম্মেল হক সোহেল উপজেলার বিক্রমশ্রী গ্রামের তারা মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি আনোয়ারুল হক বারহাট্টা সদরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে যান। এ সময় অর্চনা রানী দাস নামে এক বিধবা নারী তার পায়ে পড়ে কান্নাজড়িত কণ্ঠে মোজাম্মেল হক সোহেলের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপরই সোহেলের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।
বিজ্ঞাপন
এর আগে, গত ৪ জুলাই বাবা-মাকে মারধরের অভিযোগে মোজাম্মেল হক সোহেলকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। পরে ৩০ জুলাই তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। সে সময় বাবা-মাকে সঙ্গে নিয়ে কেন্দ্রীয় নেতাদের কাছে সুপারিশ করার কথা স্থানীয়ভাবে জানা যায়।
এবারের অভিযোগের বিষয়ে মোজাম্মেল হক সোহেল জানান, তিনি প্রতিপক্ষের ষড়যন্ত্রের শিকার। তার দাবি, আগেরবারও প্রতিপক্ষ তাকে ফাঁসিয়েছিল। তিনি বলেন, আমি বাবা-মায়ের একমাত্র ছেলে। জমি লিখে নেওয়ার জন্য তাদের মারধর করার প্রয়োজন নেই; তাদের সবকিছুই তো আমার। আমার বাবা ক্যানসারে আক্রান্ত এবং নিয়মিত কেমোথেরাপি নিচ্ছেন।
অর্চনা রানী দাসের অভিযোগ অস্বীকার করে সোহেল জানান, সাত বছর আগে অর্চনা রানীর ভাবিকে তিনি এক লাখ টাকা ধার দিয়েছিলেন। ওই টাকা ফেরত দেওয়া নিয়ে তাদের মধ্যে তর্ক-বিতর্ক হয়। পরে প্রতিপক্ষের লোকজন অর্চনা রানীকে প্ররোচিত করে এমপির কাছে নিয়ে গিয়ে তার বিরুদ্ধে মারধরের মিথ্যা অভিযোগ করিয়েছেন বলে দাবি করেন তিনি।
কামাল হোসেন/এএমএ
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
