ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের হয়ে আলো ছড়ালেন তরুণ ব্যাটার কালাম সিদ্দিকি ও জিসান আলম। আন্তর্জাতিক দলের বিপক্ষে বড় মঞ্চে সুযোগ পেয়ে একজন করেছেন সেঞ্চুরি, আরেকজন ফেরেন সেঞ্চুরির কাছে গিয়ে।
আনবির ক্রিকেট স্টেডিয়ামে দুই দিনের প্রস্তুতি ম্যাচে সফরকারীদের বিপক্ষে দাপট দেখায় বিসিবি একাদশ। আগ্রাসী ব্যাটিংয়ে ৯০ ওভারে ৭ উইকেটে ৩৭১ রান তুলে তারা। কালাম ১৩৫ ও জিসান করেন ৮৬ রান।
প্রস্তুতি ম্যাচ বলে টসের বদলে ওয়েস্ট ইন্ডিজের কাছে সিদ্ধান্ত ছেড়ে দেওয়া হয়। তারা ব্যাটিংয়ের চেয়ে বোলিং অনুশীলন করাই উপযুক্ত মনে করেছে। মিরপুরে মূল টেস্টের ভেন্যুর সঙ্গে প্রস্তুতি ম্যাচের ভেন্যুর উইকেটে তেমন মিল থাকার আভাস নেই। এজন্য কন্ডিশনের সঙ্গে খাপ খাওয়ানোর চেষ্টাই ছিলো রোস্টন চেজদের।
পেসারদের চেয়ে স্পিনারদেরই দিনভর বেশি বল করিয়ছে তারা। মূল পেসারদের মধ্যে জেডন সিলস ৯ ওভার বল করে ৩০ রানে নেন ১ উইকেট, অভিজ্ঞ কেমার রোচ করেন স্রেফ ৬ ওভার। আরেক পেসার শামার জোসেফ পেটের পীড়ায় আক্রান্ত হয়ে এদিন মাঠেই আসেননি।
ওয়েস্ট ইন্ডিজের স্পিনারদের বিপক্ষে তরুণ কালাম ও জিসানের ব্যাটিং ভরসা যোগাতে পারে নাজমুল হোসেন শান্তদের।
বিসিবি একাদশে থাকা ক্রিকেটারদের মধ্যে একমাত্র জাকের আলি অনিক আছেন বাংলাদেশের টেস্টে স্কোয়াডে। তার দিকে নজর ছিল সবার। মিডল অর্ডারে নেমে অবশ্য তিনি করেন ৩০ রান। এদিন এই গ্রাউন্ডের পাশেই অনুশীলন করতে দেখা গেছে তাইজুল ইসলামকে। আনবির ক্রিকেট গ্রাউন্ডের ইনডোরে ব্যাটিং অনুশীলন সারেন মুমিনুল হকও। নিজেদের প্রস্তুতির ফাঁকে ওয়েস্ট ইন্ডিজের বোলিংও দেখেছেন তারা।
২৮ অক্টোবর মিরপুরে শুরু হবে প্রথম টেস্ট।
সংক্ষিপ্ত স্কোর
বিসিবি একাদশ: ৯০ ওভারে ৩৭১/৭ (মাহফিজুল ৪, জিসান ৮৬, ইফতেখার ১৮, কালাম ১৩৫, জাকের ৩০, রিজওয়ান ৫৯, শামীম ৩৫*, মেহেরব ০, হালিম ০*; রোচ ৬-৩-১০-০, সিলস ৯-৩-৩০-১, বিশপ ২৩-২-৮৭-২, ওয়ারিকান ২১-২-৬১-১, চেজ ১৭.৫-০-৮৫-০, হজ ৬-১-৩৪-২, চন্দরপল ৬-০-৫৩-০, উইকহ্যাম ১.১-০-৯-১)
