The Sangbad · সাধারণ
নবীগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ৯
১৮/১০/২০২৬

হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে গ্রিন লাইন পরিবহনের একটি বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিন নারীসহ অন্তত ৯ জন আহত হয়েছেন।রোববার (১৮ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার সৈয়দপুর বাজারের জালালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালের দিকে সিলেটগামী গ্রিন লাইন পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-১১০৮) জালালপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি বালুবাহী ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১২-২৬৪২) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই যানবাহনের চালকসহ বাসের ৯ জন যাত্রী আহত হন। আহতদের মধ্যে ছয়জন পুরুষ ও তিনজন নারী রয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।দুর্ঘটনার ফলে ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল। এতে মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহনের দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত গাড়িগুলো সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ও হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। একই সঙ্গে আহত যাত্রীদের সঙ্গে থাকা মালামালও উদ্ধার করে তাদের স্বজন ও হাইওয়ে পুলিশের তত্ত্বাবধানে হস্তান্তর করা হয়েছে।শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান জানান, আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক আটক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
মূল প্রতিবেদনে যান ↗