চট্টগ্রামের আনোয়ারায় দুর্গাপ্রতিমা নিতে এসে এক ভ্যানচালকের সঙ্গে কথা-কাটাকাটির জেরে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলার জয়কালী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় প্রতিমা নিতে আসা এক তরুণকে মারধরের অভিযোগ উঠলেও, প্রতিমা ভাঙচুর বা প্রতিমা তৈরির শিল্পালয়ে হামলার কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ। পরে রাতে দুই পক্ষের দুইজনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর তাদের মধ্যে বিরোধ মীমাংসা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে জানতে চাইলে আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহমুদুল হাসান ঢাকা পোস্টকে বলেন, বৃহস্পতিবার বিকেলে উপজেলার বারখাইন ইউনিয়ন থেকে কয়েকজন তরুণ দুর্গাপ্রতিমা নিতে আনোয়ারা সদরে আসেন। এরপর জয়কালী বাজার স্টেশন মোড়ে একটি সিএনজিচালিত অটোরিকশার স্টেশনে অবস্থান করা এক ভ্যানচালকের সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়। এর জের ধরে পরে প্রতিমা তৈরির শিল্পালয়ের বাইরে অপু সরকার আকাশ নামের এক তরুণের সঙ্গে আবারও বাগ্বিতণ্ডা ও হাতাহাতি হয়।
তিনি আরও বলেন, ঘটনার খবর পেয়ে তিনি নিজে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করেন। পরে রাতে সংশ্লিষ্ট দুজনকে আনোয়ারা থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের মধ্যে বিরোধ মীমাংসা করা হয়েছে। এ ঘটনায় প্রতিমা ভাঙচুর কিংবা শিল্পালয়ে হামলার কোনো ঘটনা ঘটেনি।
উপজেলা পূজা উদ্যাপন পরিষদের এমপি প্রতিনিধি নির্মল কান্তি শীলও প্রতিমা ভাঙচুর ও শিল্পালয়ে হামলার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, দুই ব্যক্তির মধ্যে কথা-কাটাকাটি হয়েছিল। রাতে থানায় বিষয়টি সমাধান করা হয়েছে। একটি মহল পরিকল্পিতভাবে ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।
তবে প্রতিমা নিতে আসা বারখাইন ইউনিয়নের অপু সরকার আকাশ (২২) অভিযোগ করেন, প্রতিমা নিয়ে যাওয়ার সময় সাত্তারহাট সড়কের পদ্মপুকুর পাড় এলাকায় এক ভ্যানচালকের সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়। পরে তারা প্রতিমালয়ে চলে যান। কিছুক্ষণ পর ১০ থেকে ১৫ জনের একটি দল সেখানে এসে তাকে মারধর করে।
প্রতিমালয়ের কারিগর কাঞ্চন চক্রবর্তীর স্ত্রী মুক্তা চক্রবর্তীও কয়েকজনের বিরুদ্ধে আকাশকে মারধরের অভিযোগ করেন। তবে প্রতিমা ও শিল্পালয় ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেছে পুলিশ ও পূজা উদ্যাপন পরিষদের প্রতিনিধি।
পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনাটি দুই পক্ষের কথা-কাটাকাটি ও হাতাহাতির মধ্যে সীমাবদ্ধ ছিল। প্রতিমা ভাঙচুর বা শিল্পালয়ে হামলার কোনো ঘটনা ঘটেনি।
জেআই
