আগামী ২৩ অক্টোবর এসআইআর বিরোধী এবং মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে আন্দোলনের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি। এবার অভিজিৎ দীপকে, অভিনেতা প্রকাশ রাজদের সঙ্গে ওই আন্দোলনে যোগ দেবেন প্রখ্যাত অর্থনীতিবিদ, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের স্বামী পারাকলা প্রভাকর।
এক্স হ্যান্ডেলে এসআইআর বিরোধী আন্দলনে যোগ দেওয়ার কথা নিজেই জানিয়েছেন বিজেপি সরকারের কড়া সমালোচক হিসাবে পরিচিত প্রভাকর। সমাজমাধ্যমে তিনি লিখেছেন, “প্রতিটি গলিতে থাকুক যন্তর মন্তর! শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬। গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে জনগণের পদযাত্রা। আসুন, এই চ্যালেঞ্জ মোকাবিলায় জেগে উঠি।” প্রবীণ আইনজীবী প্রশান্ত ভূষণ, কৃষক নেতা রাকেশ টিকাইত, আইসা (এআইএসএ)-এর সভাপতি নেহা বোরা এবং লেখক তুষার গান্ধীর সঙ্গে একই মঞ্চে উপস্থিত থাকার কথা রয়েছে সীতারামণের স্বামীর। ‘ইন্ডি’ জোটকেও দেশব্যাপী এই বিক্ষোভে অংশগ্রহণের ডাক দিয়েছে সিজেপি। যদিও কংগ্রেস বা অন্য বিরোধী দলগুলি এই বিষয়ে কিছু জানায়নি।
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের একক পদক্ষেপের বিপরীতে দুই সহকারী নির্বাচন কমিশনার আপত্তির করেছিলেন! এমন দাবি করে ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পরেই দিল্লিতে ভোটচুরির অভিযোগে আন্দোলন শুরু হয়। গত ৮ অক্টোবর বেঙ্গালুরুর বিক্ষোভ মঞ্চে ধ্রুব রাঠি, প্রকাশ রাজের সঙ্গে দেখা গিয়েছিল পরাকলা প্রভাকরকে। এবার বিজেপি সরকার এবং স্ত্রী কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে অস্বস্তিতে ফেলে ২৩ অক্টোবর মোদি সরকারের বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভ শামিল হচ্ছেন তিনি।
